মেক্সিকো সিটি, ফেব্র“য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মেক্সিকোর মন্টেরি শহরের এক কারাগারে বিবদমান দলগুলোর মধ্যে দাঙ্গায় অন্ততপক্ষে ৪৪ জন নিহত হয়েছে।
রোববার সকালে এই দাঙ্গার সূত্রপাত হয়। এ সময় এক দল অপর দলের সদস্যদের মারধরসহ ছুরি নিয়ে হামলা চালায়। তারা পরস্পরের দিকে পাথরও ছুঁড়ে মারে বলে মেক্সিকো সরকারের নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জর্জ ডোমেন জানান।
এ কারাগারে মাদকপাচারকারী মেক্সিকোর গালফ চক্র ও জেটাস চক্রের সদস্যরা বন্দি ছিলো। তবে এই দুই চক্রের সদস্যদের মধ্যেই সংঘর্ষ সীমাবদ্ধ ছিল কি না তা স্পষ্ট নয় বলে ডোমেন জানান।
তিনি বলেন, “আশা করছি, মৃতদেহগুলো সনাক্ত করতে পারলেই দায়ীদের চিহ্নিত করা যাবে।”
সকাল ৬টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং এরপরই তদন্ত শুরু হয়েছে বলেও জানান এই মুখপাত্র।
এ অঞ্চলের কারাগারগুলোয় ধারণক্ষমতার অতিরিক্ত বন্দি থাকে। পাশাপাশি দুর্নীতি ও প্রায়ই বন্দি পালানোর ঘটনা ঘটে থাকে।
গত সপ্তাহে হন্ডুরাসের একটি কারাগারে অগ্নিকাণ্ডে সাড়ে তিনশ’র বেশি বন্দি মারা যায়। এছাড়া যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তসহ মাদকপাচার পথের নিয়ন্ত্রণ নিয়ে বিবদমান বিভিন্ন চক্রের সদস্যরা মেক্সিকোর বিভিন্ন কারাগারে নানা সমস্যার জন্ম দিয়ে থাকে।
এর আগে জানুয়ারি মাসে দেশটির উত্তরাঞ্চলীয় একটি কারাগারে বিভিন্ন চক্রের সদস্যদের মধ্যে সংঘর্ষে ৩১ জন নিহত ও ১৩ জন আহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১০৫১ ঘ.
bdnews24