২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রমনির প্রচারাভিযান থেকে অ্যারিজোনা শেরিফের পদত্যাগ

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী রিপাবলিকান প্রার্থী মিট রমনি’র পক্ষে অ্যারিজোনা রাজ্যের প্রচারাভিযানে সহ-সভাপতি হিসেবে দায়িত্বপালনকারী স্থানীয় এক শেরিফ শনিবার পদত্যাগ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2012, 10:07 AM

Updated : 24 Aug 2022, 10:49 AM

ফিনিক্স, ফেব্রুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী রিপাবলিকান প্রার্থী মিট রমনি’র পক্ষে অ্যারিজোনা রাজ্যের প্রচারাভিযানে সহ-সভাপতি হিসেবে দায়িত্বপালনকারী স্থানীয় এক শেরিফ শনিবার পদত্যাগ করেছেন। সমকামী সম্পর্কের কথা জানিয়ে দিলে সাবেক প্রেমিককে মেক্সিকোতে পাঠিয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ ওঠায় পিনাল কাউন্টির শেরিফ পল বাবো পদত্যাগ করেন। তবে নিজে বা তার আইনজীবীকে দিয়ে এমন হুমকি দেওয়ার কথা অস্বীকার করলেও ম্যাসাচুসেটসের সাবেক গভর্নর রমনির পক্ষে কাজ করা থেকে সরে দাঁড়ালেন তিনি। এক সংবাদ সম্মেলনে পল জানান, তিনি একজন সমকামী এবং জোসে নামের ওই প্রেমিকের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক ছিলো। শুক্রবার ফিনিক্স নিউ টাইমস সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, শেরিফ পলের সঙ্গে সম্পর্কের কথা যাতে জানাজানি না হয় সেজন্য তার আইনজীবী জোসেকে একটি আইনি চুক্তি স্বাক্ষর করতে বলেছিলেন। আর বিষয়টা জানাজানি হলে জোসের অভিবাসন পক্রিয়াও ঝুঁকির মুখে পড়তে পারে বলে সতর্ক করে দেওয়া হয়েছিলো। এ প্রতিবেদনের উদ্ধৃতি দিযে পল বলেন, “আমি সমকামী- এটা ছাড়া পত্রিকায় প্রকাশিত সব অভিযোগই মিথ্যা।” এক বিবৃতিতে রমনি শিবির জানায়, “প্রচারাভিযানে স্বেচ্ছাসেবকের পদ থেকে শেরিফ পল পদত্যাগ করেছেন। তাই এখন তিনি তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়টি নিয়ে কথা বলতে পারেন। আমরা তার সিদ্ধান্তকে সমর্থন করি।” ২০১০ সালে রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইনের পক্ষে কাজ করে প্রথমবারের মতো পরিচিতি পান শেরিফ পল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/১৬০২ঘ.