ওয়াশিংটন, ফেব্র“য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্বের শীর্ষ শক্তিধর ছয়টি দেশের সঙ্গে নতুন করে আলোচনা শুরু করতে চায় ইরান। এ লক্ষ্যে ইরানের পাঠানো একটি চিঠির ব্যাপারে সতর্কভাবে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন।
তবে পরমাণু ইস্যু নিয়ে আলোচনা ও তা চালিয়ে যাওয়ার ব্যাপারে শর্ত দিয়েছে পক্ষ দু’টি।
শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক নীতি বিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাস্টন ইরানি চিঠির বিষয়ে প্রতিক্রিয়া জানান।
ইরানের পাঠানো চিঠিকে একধাপ অগ্রগতি বলে বিবেচনা করা যায় বলে মন্তব্য করেন হিলারি ও অ্যাস্টন।
“আমরা মনে করি এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, আমরা এ পদক্ষেপকে স্বাগত জানাই,” অ্যাস্টনের সঙ্গে এক যৌথ বৈঠকে হিলারি এ কথা বলেন।
তেহরানের প্রস্তাবের বিষয়ে বিশ্বের শীর্ষ শক্তিগুলোর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পর্যালোচনার পর্যায়ে আছে বলে এসময় জানান হিলারি।
“আলোচনার জন্য ইরান হয়তো প্রস্তুত হয়ে আছে,” তার কাছে পাঠানো চিঠির সূত্রে বলেন অ্যাস্টন।
মঙ্গলবার (১৪ ফেব্র“য়ারি) ক্যাথেরিন অ্যাস্টনকে একটি চিঠি দিয়ে নতুন আলোচনা শুরু করার প্রস্তাব দেয় ইরানের প্রধান পরমাণু আলোচক সাঈদ জলিলি।
অ্যাস্টন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, জার্মানি, ফ্রান্স ও বিটেনের পক্ষ থেকে ইরান বিষয়ক ইস্যুগুলো নিয়ে আলোচনা করেন।
তবে দীর্ঘ ওই চিঠিতে পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্বের উদ্বেগ দূর করতে প্রস্তুত থাকার ব্যাপারে স্পষ্ট কিছু জানায়নি ইরান। তাই দেশটি এ ব্যাপারে গঠনমূলক আলোচনা করবে কিনা তা নিয়ে পশ্চিমা বিশ্বের সংশয় আছে।
ওই চিঠিতে জলিলি লিখেছেন, “গঠনমূলক আলোচনা ও পারস্পরিক সহযোগিতাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করতে প্রস্তুত।”
অক্টোবরে পাঠানো অ্যাস্টনের এক চিঠির জবাবে এ চিঠি পাঠান জলিলি। অ্যাস্টনের পাঠানো চিঠিতে জানানো হয়, ছয় বিশ্বশক্তি ইরানের সঙ্গে কয়েক সপ্তাহের মধ্যে পরমাণু ইসু নিয়ে আলোচনা করতে চায়।
উলে¬¬খ্য, ২০১১ সালের জানুয়ারিতে ইস্তাম্বুলে অনুষ্ঠিত ব্যর্থ বৈঠকের পর থেকে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা বন্ধ রয়েছে।
যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সন্দেহ ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। অন্যদিকে, ইরান এ অভিযোগ অস্বীকার করে বলছে, শুধু দ্রুত বর্ধমান জনসংখ্যার বিদ্যুতের চাহিদা মেটাতেই ইউরেনিয়াম সমৃদ্ধ করছে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩১৪ ঘ.
bdnews24