কায়রো, ফেব্র“য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রাজনৈতিক ফায়দা হাসিলের লক্ষ্যে মিশরের ফুটবল খেলাকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা ঘটানো হয়েছে। দেশটির সংসদীয় এক তদন্তে এই আভাস দেওয়া হয়েছে।
বর্তমান সামরিক শাসনের সমালোচকদের দাবি, জনগণকে সামরিক শাসন মেনে নিতে বাধ্য করার লক্ষ্যে পরিকল্পিতভাবে এই সহিংসতাকে উস্কে দেওয়া হয়েছে।
জানা গেছে, নিহত অনেক ফুটবলভক্ত হোসনি মুবারকের পতন আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।
ওই সহিংসতায় জড়িতদের বিচারের দাবিতে বুধবার কায়রোর জেনারেল প্রসিকিউটরের কার্যালয়ে সামনে বিক্ষোভ করেছে ক্ষুব্ধ মিশরীয় ফুটবলভক্তরা।
ন্যায়বিচার করা না হলে নিজ হাতে আইন তুলে নেওয়ার হুমকিও দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ ছাড়াও সংসদীয় এক তদন্তে রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে এই সহিংসতাকে ব্যবহার করা হয়েছে বলেও আভাস দেওয়া হয়েছে।
অব্যবস্থাপনার জন্য ইতোমধ্যেই সমালোচিত দেশটির সেনা নিয়ন্ত্রিত সরকার নতুন করে চাপের মুখে পড়েছে।
চলতি বছরের ২ ফেব্র“য়ারি উপকূলীয় শহর পোর্ট সৈয়দে আল-মসরি ও আল আহলি দলের খেলাকে কেন্দ্র করে সহিংসতার সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আল মসরির কয়েকশ’ সমর্থক খেলার মাঠে ঢুকে পড়লে আহলির সমর্থকরা আতঙ্কিত হয়ে দরজার দিকে ছুটে যায়। কিন্তু সেসময় দরজা বন্ধ থাকায় পদদলিত হয়ে ৭৪ জনের মৃত্যু হয়।
নিহতদের অধিকাংশই হলো আল-আহলির ভক্ত। এরা সবসময় খেলার মাঠে দাঙ্গা পুলিশের সঙ্গে সহিংসতায় লিপ্ত হয় এবং প্রেসিডেন্ট হোসনি মুবারকের পতন আন্দোলনে এরাই ছিলো নেতা।
সামরিক শাসনের কয়েকজন সমালোচক জানান, বিশৃঙ্খলা সৃষ্টি করে সামরিক শাসনের সমর্থনে জনগণকে বাধ্য করতে পরিকল্পিতভাবে এ সহিংসতার সৃষ্টি করা হয়েছে।
সংসদীয় এক তদন্তে ফুটবলভক্ত ও নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকে দায়ী করে বলা হয়েছে, ‘রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য খেলাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনাকে কাজে লাগাতে’ ফুটবলভক্তদের ব্যবহার করা হয়েছে।
সংসদ সদস্য ও তদন্ত কমিটির সদস্য মোহাম্মদ আবু হামিদ বলেন, “তদন্ত প্রতিবেদন এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। চূড়ান্ত প্রতিবেদন আরো নির্দিষ্ট করে প্রকাশ করা হবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১২৪৫ ঘ.
bdnews24