ওয়াশিংটন, ফেব্র“য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আগামী ৩০ জুন পদ ছাড়ছেন বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট রবার্ট জেলিক। এ পদে পুনর্র্নিবাচন চাওয়ার সুযোগ নিচ্ছেন না তিনি।
বুধবার এক বিবৃতিতে তিনি এ ঘোষণা দিয়ে বলেন, “বিশ্ব মানের এমন একটি সংস্থার নেতৃত্ব দিতে পেরে আমি সম্মানিত।”
এখন পর্যন্ত আমেরিকানদের নেতৃত্বে থাকা এ সংস্থার পরবর্তী প্রধান কে হচ্ছেন তা নিয়ে গত কয়েক মাস ধরে আলোচনায় যাদের নাম আসছে তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনও রয়েছেন।
আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী জয়ী হলে হোয়াইট হাউজে জ্যেষ্ঠ পদের দাবিদার হবেন রিপাবলিকান জেলিক।
বিশ্ব ব্যাংকের সবচেয়ে বড় অংশীদার যুক্তরাষ্ট্র। প্রথানুযায়ী দেশটির প্রেসিডেন্ট এ সংস্থার প্রধান পদে মনোনয়ন দিয়ে থাকেন। সেই মনোনয়ন অনুমোদন পেতে হয় ব্যাংকের গভর্নর বোর্ডের।
পাঁচ বছর মেয়াদি প্রেসিডেন্ট পদে পুনর্র্নিবাচন চাওয়ার সুযোগ থাকে যা বর্তমান প্রেসিডেন্ট জেলিক গ্রহণ করছেন না।
বাংলাদেশে পদ্মা সেতুতে ঋণ দেওয়া নিয়ে বিশ্ব ব্যাংকের ‘জটিলতা’ চলছে। দুর্নীতির অভিযোগ তুলে সংস্থাটি ঋণ ছাড় স্থগিত করে রেখেছে। অন্যদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন, দুর্নীতি প্রমাণ করতে না পারলে প্রকল্পটিতে বিশ্ব ব্যাংকের অর্থ নেওয়া হবে না।
এ পরিস্থিতিতে বিশ্ব ব্যাংকের অর্থ না নিয়ে মালয়শিয়া বা অন্য কোনো দেশের সহায়তায় পদ্মা সেতু তৈরি হবে কি না সে বিষয়ে আগামী এক মাসে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী।
অর্থ ছাড় স্থগিতের পর এ ঋণের কার্যকরিতার মেয়াদ ছয় মাস বাড়ায় বিশ্ব ব্যাংক যা জেলিকের পদের মেয়াদের কাছাকাছি সময়ে শেষ হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিডি/০১০৭ ঘ.
bdnews24