ওয়াশিংটন, ফেব্র“য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের তালিকাভুক্ত ১৮ লাখেরও বেশি ভোটার বর্তমানে মৃত এবং অন্তত সাড়ে ২৭ লাখ ভোটার একসঙ্গে একাধিক অঙ্গরাজ্যে ভোটার হিসেবে তালিকাভুক্ত রয়েছেন।
মঙ্গলবার দেশটির গবেষণা প্রতিষ্ঠান পিউ সেন্টার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে।
প্রতিবেদনে বলা হয়, বর্তমানে যুক্তরাষ্ট্রের ভোটার তালিকায় নিবন্ধিত প্রতি আট জনের মধ্যে একজনের নিবন্ধন ইতিমধ্যেই বাতিল হয়ে গেছে বা ওইসব ভোটারের তথ্যে উল্লেখযোগ্য সংখ্যক ভুল রয়েছে।
যুক্তরাষ্ট্রের পুরনো ও অদক্ষ নিবন্ধন ব্যবস্থাই এর দায়ী বলে মন্তব্য করেছে কোনো ধরনের রাজনৈতিক প্রভাবমুক্ত এই প্রতিষ্ঠানটি। এখনো কাগজভিত্তিক এ ব্যবস্থা ‘উন্নত প্রযুক্তির গতি ও সমাজের বিবর্তিতপ্রকৃতির সঙ্গে তাল মেলাতে ব্যর্থ হয়েছে’ বলে মন্তব্য করা হয় প্রতিবেদনটিতে।
তবে নিবন্ধন নিয়ে উদ্ভূত সমস্যার একটি বড় কারণ যুক্তরাষ্ট্রের নাগরিকদের ঘন ঘন এলাকা বদলানো। ২০০৮ এবং ২০১০ সালের নির্বাচনের সময় প্রতি আটজন ভোটারের একজন বাসস্থান বদল করেছেন।
প্রতিবেদনে আরো বলা হয়, ২৫ শতাংশ তরুণ আমেরিকান প্রতিবছর বাসস্থান বদল করেন।
এছাড়া ভোটার নিবন্ধনে অতিরিক্ত খরচও নিবন্ধন সঠিকভাবে সম্পন্ন না হওয়ার একটি কারণ। যুক্তরাষ্ট্রে একজন ভোটারের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে খরচ হয় ৪ দশমিক ১১ ডলার।
কানাডায় এ নিবন্ধন খরচ ৩৫ সেন্টেরও কম। কানাডার ৯৩ শতাংশ নাগরিক ভোটার তালিকায় সঠিকভাবে নিবন্ধিত রয়েছে।
ভোট জালিয়াতিকে এ গবেষণায় সমস্যা হিসেবে চিহ্নিত করা হয় নি। তবে নিবন্ধন ব্যবস্থার এ ধরনের ত্র“টি জালিয়াতির জন্য সহায়ক এবং নির্বাচনের স্বচ্ছতা এতে হুমকির মুখে পড়তে পারে বলে প্রতিবেদনে মন্তব্য করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১২৫২ ঘ.
bdnews24