ঢাকা, ফেব্র“য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বছরব্যাপী খাদ্যমূল্য লাগামহীনভাবে বাড়তে থাকায় উন্নয়নশীল দেশের পিতামাতারা তাদের সন্তানদের খাদ্যব্যয় কমাতে বাধ্য হচ্ছে।
সম্প্রতি বাংলাদেশ, ভারত, পেরু, পাকিস্তান ও নাইজেরিয়ার বিভিন্ন পরিবারের ওপর জরিপ চালিয়ে দাতা সংস্থা সেভ দ্য চিলড্রেন এই তথ্য জানায়।
আন্তর্জাতিক জরিপ সংস্থা গ্লোবস্ক্যানের উদ্ধৃতি দিয়ে সেভ দ্য চিলড্রেন জানায়, সারাবিশ্বে অপুষ্টিতে ভোগা মোট শিশুর প্রায় অর্ধেকই এ পাঁচটি দেশে বসবাস করে বলে বিবিসি জানায়।
সংস্থাটি ‘এ লাইফ ফ্রি ফ্রম হাঙ্গার: ট্যাকলিং চাইল্ড ম্যালনিউট্রিশন’ শীর্ষক প্রতিবেদনে তাদের জরিপের ফলাফল প্রকাশ করেছে।
জরিপে দেখা যায়, গত বছর এক প্রায় ২৫ কোটি পিতামাতা তাদের পরিবারের খাদ্যব্যয় কমিয়ে দিয়েছে। আর এই পিতামাতাদের এক তৃতীয়াংশ জানান, পর্যাপ্ত খাবার দেওয়া হচ্ছে না বলে তাদের সন্তানরা অভিযোগ করছে।
প্রতি ছয় ভাগের একভাগ পিতামাতা জানান, খাবার কেনার জন্য কাজ করতে গিয়ে স্কুল ছেড়ে দিতে হচ্ছে তাদের সন্তানদের।
সংস্থাটি জানায়, খাদ্যমূল্য বেড়ে যাওয়ায় শিশুদের অপুষ্টিতে ভোগার হার বেড়েছে এবং এটা শিশু মৃত্যুহার কমার যে অগ্রগতি হয়েছে তাতে প্রভাব ফেলতে পারে।
আর এক্ষেত্রে কোনো পদক্ষেপ নেওয়া না হলে আগামী ১৫ বছরে প্রায় ৫০ কোটি শিশু শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলেও সতর্ক করে দিয়েছে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১১৪০ ঘ.
bdnews24