২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লিতে হামলায় সংকটে ভারত-ইরান বাণিজ্য

নয়াদিল্লিতে ইসরায়েলি কূটনীতিককে লক্ষ্য করে সোমবারের বোমা হামলার দায় ইরানের ওপর পড়ায় ভারত ও ইরানের মধ্যে বাণিজ্যিক সম্পর্কে ভাটা পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2012, 04:15 PM

Updated : 24 Aug 2022, 10:46 AM

নয়া দিল্লি, ফেব্র“য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নয়াদিল্লিতে ইসরায়েলি কূটনীতিককে লক্ষ্য করে সোমবারের বোমা হামলার দায় ইরানের ওপর পড়ায় ভারত ও ইরানের মধ্যে বাণিজ্যিক সম্পর্কে ভাটা পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সর্বভারতীয় চাল রপ্তানিকারক সংগঠনের প্রধান বিজয় সেটিয়া মঙ্গলবার জানিয়েছেন, ওই ঘটনার পর রপ্তানিকারকরা ইরানের সঙ্গে নতুন কোন চুক্তি করতে পিছটান দিয়েছে বলে এ আশঙ্কা দেখা দিয়েছে। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের অবরোধ উপেক্ষা করে ভারত দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল ছিল। কিন্তু এ ঘটনায় তাদের বাণিজ্যিক সম্পর্ক হালকা হয়ে যেতে পারে। উল্লেখ্য, ইরান পরমাণু কর্মসূচি পরিচালনা করায় পারমাণবিক অস্ত্র তৈরির আশঙ্কায় দেশটিকে শাস্তি দিতে তাদের ওপর অর্থনৈতিক অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। সেটিয়া বলেছেন, ওই হামলার ফলে ভারতের সঙ্গে ইরানের বাণিজ্যিক সম্পর্ক নষ্ট এবং চাল রপ্তানি বাবদ ইরানের কাছে বকেয়া ১৫০ মিলিয়ন মার্কিন ডলার আদায়ে জটিলতা তৈরি হতে পারে। তিনি বলেছেন, “বাকি আদায় না হওয়ায় ভারতের যেসব ব্যবসায়ী ইতোমধ্যে অর্থ হারিয়েছে তারা এ ঘটনার পর ইরানের ক্রেতাদের সঙ্গে বাণিজ্য চালিয়ে যেতে চরম অনিশ্চয়তায় পড়বে।” ভারত মূলত ইরানের কাছ থেকে জ্বালানি তেল আমদানি এবং তাদের কাছে চাল রপ্তানি করে থাকে। সোমবার নয়াদিল্লিতে এক ইসরায়েলি কূটনীতিককে লক্ষ্য করে বোমা হামলা চালানো হয়। ইসরায়েল ইরানের ওপর ওই হামলার দায় চাপিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৫৪ঘ.