ঢাকা, ফেব্র“য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের ইসরায়েলি দূবাতাস লক্ষ্য করে সোমবার চালানো বোমা হামলার ঘটনার তদন্ত শুরু করেছে সরকার।
বিবিসি জানায়, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম মঙ্গলবার ঘটনার তদন্ত শুরুর কথা জানিয়ে বলেছেন, সুপ্রশিক্ষিত কেউ সোমবার নয়াদিল্লিতে ওই বোমা হামলা চালিয়েছে।
এতে একজন ইসরায়েলি কূটনীতিকসহ ৪ জন আহত হয়। চিদাম্বরম বলেন, একজন মটরসাইকেল আরোহী পেছন থেকে এসে কূটনীতিকের গাড়ির পেছনের দরজায় বিস্ফোরক বেঁধে দিয়েছে বলে মনে করা হচ্ছে।
নয়াদিল্লিতে এ হামলার ঘটনার পাশাপাশি জর্জিয়াতে আরেক ইসরায়েলি কূটনীতিকের গাড়ির নিচে বোমা পাওয়ার পর তা নিস্ক্রিয় করা হয়।
ইসরায়েল এ দুটি ঘটনার জন্য ইরানকে দায়ী করেছে। কিন্তু ইরান এ অভিযোগ অস্বীকার করেছে।
চিদাম্বরম বলেন, পুলিশ ক্লোজড-সার্কিট ক্যামেরার ছবি স্ক্যান করে দেখছে। কিন্তু ওই বাইক এবং বাইক চালকের কোনো স্পষ্ট ছবি এখনো আমরা পাইনি। তাই এখন পর্যন্ত কাউকে এ ঘটনার জন্য দায়ী করা যাচ্ছে না।
“তবে আমরা এ হামলার ঘটনার তীব্র নিন্দা জানাই”, বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬২৭ঘ.
bdnews24