ওয়াশিংটন, ফেব্র“য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নেদারল্যান্ডের আমস্টার্ডাম থেকে যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটগামী একটি মার্কিন বিমানে বোমাহামলা প্রচেষ্টার মূল পরিকল্পনাকারী আল কায়েদার নিহত নেতা আনওয়ার আওলাকি।
শুক্রবার যুক্তরাষ্ট্রের ফেডারেল আইনজীবীদের প্রকাশিত নতুন তথ্যে এ দাবি করা হয়েছে।
২০০৯ সালের ২৫ ডিসেম্বর নাইজেরিয়ার নাগরিক ওমর ফারুক আব্দুলমুত্তালিব ২৮৯ জন যাত্রীসহ যুক্তরাষ্ট্রের নর্থওয়েস্ট এয়ারলাইন্সের ওই বিমানটি বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে। আব্দুল মুত্তালিব আল কায়েদার আরব উপদ্বীপের শাখার সঙ্গে জড়িত ছিল।
গত বছর চালকবিহীন বিমান ড্রোনের হামলায় নিহত হওয়ার আগ পর্যন্ত আনওয়ার আওলাকি ইয়েমেনভিত্তিক আল কায়েদার আরব উপদ্বীপ শাখার প্রধান ছিলেন।
নর্থওয়েস্ট এয়ারলাইন্সের বিমানটি যুক্তরাষ্ট্রের আকাশসীমায় প্রবেশের পর হামলা চালাতে আব্দুল মুত্তলিবকে নির্দেশ দিয়েছিলেন আওলাকি।
আগামী বৃহস্পতিবার ড্রেটয়েটের একটি আদালতে মুত্তালিবের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় হতে পারে। রায়ে তার যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার সম্ভাবনা আছে।
আদালতের প্রকাশিত নথি অনুয়ায়ী, “মুত্তালিবকে দেওয়া আওলাকির শেষ নির্দেশ ছিল, বিমানটি যুক্তরাষ্ট্রের আকাশসীমায় প্রবেশ করা পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং বিমানটিকে নিচে নামতে বাধ্য করতে হবে।”
মুত্তালিবকে বোমা হামলার জন্য নির্দিষ্ট বিমান ও তারিখও ঠিক করে দিয়েছিলো আওলাকি। নর্থওয়েস্ট এয়ারলাইন্সের বিমানটি ধরার জন্য ইয়েমেন থেকে সরাসরি ইউরোপে না যেতে মুত্তালিবকে সতর্ক করে দিয়েছিল আওলাকি। কারণ এতে মুত্তালিবের উদ্দেশ্যের ব্যাপারে সন্দেহ দেখা দিতে পারে।
আওলাকির পরামর্শ মতো মুত্তালিব ইয়েমেন থেকে প্রথমে যায় ইথিওপিয়া, সেখান থেকে ঘানা, তারপর নাইজেরিয়া ও সেখান থেকে আর্মস্টার্ডাম। সেখান তিনি আর্মস্টার্ডাম থেকে হামলার উদ্দেশ্যে ডেট্রয়েটগামী নর্থওয়েস্ট এয়ারলাইন্সের বিমানে উঠে যান।
আওলাকির নির্দেশ মতো লক্ষ্যস্থলে পৌঁছানোর পর আন্ডারওয়ারের ভিতর রাখা বোমার বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করে মুত্তালিব। কিন্তু ঠিকমতো বোমাটির বিস্ফোরণ ঘটাতে ব্যর্থ হন। এ সময় অন্যান্য যাত্রী ও বিমান ক্রুরা তাকে ধরে ফেলে।
আণ্ডারওয়ারে রাখা বোমা বিস্ফোরণের চেষ্টায় তার কুচকির আশপাশ পুড়ে গেলে আটকাবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। জীবনে কখনো কারো কোনো ক্ষতি করার চেষ্টা করেননি বলে হাসপাতালে নার্সের কাছে মুত্তালিব দাবি করেন।
নার্স তাকে বিমানে বোমা বিস্ফোরণ প্রচেষ্টার বিষয়ে জিজ্ঞেস করলে শহীদ হওয়ার জন্য সে এমনটি করার চেষ্টা করেছিলো বলে জানায়।
সে আরো জানায়, ইন্টারনেটে আওলাকির লেখা নিবন্ধ পড়ে সে তার অনুসারি হয়ে ওঠে এবং পরবর্তীতে নাইজেরিয়া থেকে ইয়েমেনে গিয়ে আওলাকির শিষ্যত্ব গ্রহণ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৪৮ ঘ.
bdnews24