এথেন্স, ফেব্র“য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইউরোজোনের মন্ত্রীদের চাপে গ্রিস সরকার নতুন ব্যয়সঙ্কোচন পদক্ষেপ নেওয়ার প্রতিবাদে দু’দিনের ধর্মঘট শুরু করেছে ট্রেড ইউনিয়নগুলো। এথেন্সে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে বিক্ষোভকারীরা।
পুলিশের দিকে পাথর, পেট্রোল বোমা ছুড়ে মারছে বিক্ষোভকারীরা। টিয়ার গ্যাস ছুড়ে এর পাল্টা জবাব দিচ্ছে পুলিশ। ট্রেড ইউনিয়নগুলো ৪৮ ঘণ্টার ধর্মঘটে নামার পরপরই দুপক্ষে এ সহিংসতার সূত্রপাত।
বিক্ষোভকারীরা পার্লামেন্টের বাইরে সমবেত হচ্ছে। নতুন ব্যয়সঙ্কোচন পদক্ষেপ পাশ করতে রোববার পার্লামেন্টে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে।
গ্রিসকে ঋণ সঙ্কট মোকাবেলায় বেইলআউটের ১৩০ বিলিয়ন ইউরো সহায়তা দেওয়ার শর্ত হিসাবে ইউরোজোনের মন্ত্রীরা দেশটিতে আরো বেশি ব্যয়সঙ্কোচন এবং সংস্কার পদক্ষেপ চান।
বেইলআউটের অর্থ দেওয়ার আগে গ্রিসকে কঠোর ব্যয়সঙ্কোচন পদক্ষেপ বাস্তবায়ন করতে হবে এমন শর্তও বেঁধে দিয়েছে ঋণদাতারা।
গ্রিসের জনগণ কঠোর এই ব্যয়সঙ্কোচনের বিপক্ষে হলেও দেশের অর্থনৈতিক দুরবস্থা কাটিয়ে উঠতে ঋণদাতাদের কঠিন শর্ত মেনেই কাজ করতে হচ্ছে গ্রিক সরকারকে।
ব্রাসেলসে বৃহস্পতিবারের বৈঠকে ইউরোজোনের পররাষ্ট্রমন্ত্রীরা আগামী বুধবারের মধ্যেই গিসকে সব শর্ত পূরণ করার সময়সীমা বেঁধে দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০১৩ঘ.
bdnews24