লন্ডন, ফেব্র“য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লন্ডনে মার্কিন দূতাবাস ও স্টক এক্সচেঞ্জসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বোমা হামলা পরিকল্পনার অভিযোগে দুই বাংলাদেশিসহ নয় মুসলমানকে মোট ১২০ বছরের কারাদণ্ড দিয়েছে ব্রিটেনের একটি আদালত।
বৃহস্পতিবার দক্ষিণ লন্ডনের উলউইচ ক্রাউন কোর্টের বিচারপতি এ আদেশ দেন।
এদের মধ্যে দুজন আল কায়েদার অনলাইন ম্যাগাজিনে প্রকাশিত পাইপবোমা তৈরির প্রক্রিয়া নিয়ে আলোচনার সময় নিরাপত্তা বাহিনীর নজরে আসেন।
‘ত্রাস ছড়ানো, সম্পদহানী ও অর্থনীতির ক্ষতি’ করার উদ্দেশ্যে আসামিরা লন্ডন স্টক এক্সচেঞ্জের একটি টয়লেটে পাইপ বোমা বসানোর পরিকল্পনা করছিলো বলে রায়ে উল্লেখ করেন বিচারক।
এছাড়া এদের মধ্যে তিনজন পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে একটি মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণের জন্য তহবিল সংগ্রহ করছিলেন।
“সন্ত্রাসীদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা একটি দীর্ঘমেয়াদী মারাত্মক সন্ত্রাসী উদ্যোগ। এর লক্ষ্য ছিল তরুণ ব্রিটিশ মুসলিম নাগরিকদের সেখানে প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন দেশে সন্ত্রাসী হামলার জন্য প্রস্তুত করা,” বলেন বিচারক।
এছাড়া তারা লন্ডনে মার্কিন দূতাবাস, মেয়রের বাসভবন, গির্জা ও বারে বোমা হামলা চালানোর পরিকল্পনা করেছিলেন বলেও আইনজীবীরা জানান।
তবে এই নয় জন আল কায়েদা বা অন্য কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে সরাসরি যুক্ত নয় বলে জানান বিচারক। তারা ইন্টারনেটে প্রকাশিত আল কায়েদার বিভিন্ন প্রকাশনার মাধ্যমে উদ্বুদ্ধ হয়ে নিজেরা স্বতন্ত্র একটি সন্ত্রাসী দল পরিচালনা করেছিল বলে আদালতে জানানো হয়।
লন্ডন অলিম্পিক শুরু হওয়ার কয়েক মাস আগে এ মামলার রায় দিল আদালত। অলিম্পিক আয়োজনে শুধু নিরাপত্তা ব্যবস্থায় ব্রিটেন ব্যয় করছে ১০০ কোটি পাউন্ড (১৬০ কোটি ডলার)।
২০০৫ সালে ২০১২ সালের অলিম্পিক আয়োজক হিসেবে লন্ডনের নাম ঘোষণার পরপরই শহরটির পাতাল রেল স্টেশনে এক ব্রিটিশ মুসলিম আত্মঘাতীর বোমা হামলায় ৫২ জন নিহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এবি/জেকে/১৪৪৪ ঘ.
bdnews24