আম্মান, ফেব্র“য়ারি ১০ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/রয়টাস)- সিরিয়ার হোমস শহরে সরকারি বাহিনীর টানা হামলার ৫ম দিন শুক্রবার বিরোধীদের ঘাঁটির বাইরে ট্যাংক অবস্থান নেওয়ায় আরো বড় ধরনের হামলার আশঙ্কা দেখা দিয়েছে।
হোমসে ইতোমধ্যেই সরকারি বাহিনী যে তাণ্ডব চালিয়েছে তার নিন্দা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। মর্টার ও রকেট হামলায় হোমস এ শতাধিক মানুষের মৃত্যুকে ‘চরম রক্তক্ষয়’ বলে নিন্দা করেছেন তিনি।
জাতিসংঘ মহাসচিব বান কি মুনও হোমসে বোমা হামলাকে বর্বরোচিত আখ্যা দিয়েছেন। বিন্তু এ নিন্দা সমালোচনা উপেক্ষা করেই শহরটিতে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরোধী বিদ্রোহী ঘাঁটি গুঁড়িয়ে দিতে আরো ট্যাংক সমাবেশ ঘটানো হয়েছে।
ফলে আরো বড় ধরনের হামলার আশঙ্কায় অধিবাসীরা আতঙ্কিত। হোমস শহরের আন্দোলনকর্মীরা জানায়,গত দু দিন ধরে ট্যাঙ্কের সংখ্যা বাড়ায় সুন্নি অধ্যুষিত আবাসিক এলাকাগুলোতে বড় ধরনের হামলার আশঙ্কা করা হচ্ছে। এসব এলাকায় হাজার হাজার মানুষ বাস করে।
হামলা মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে ফ্রি সিরিয়ান আর্মি। বিদ্রোহী এই বাহিনীর মুখপাত্র মেজর মাহের আল-নাইমি তুরস্ক থেকে জানান, কখন বড় ধরনের হামলা হবে তা বলা করা কঠিন। তবে এ শহরকে নিয়ন্ত্রণ করার মতো প্রয়োজনীয় লোকজন আসাদের নেই। আর এ কারণেই আসাদ বাহিনী গোলা হামলার ওপর নির্ভর করছে।
তিনি আরো বলেন, ফ্রি সিরিয়ান আর্মি তাদের শেষ রক্তবিন্দু দিয়ে এ শহরের জন্য লড়বে।
হোমস শহরের এক বিদ্রোহী মোহাম্মাদ হাসান জানান, হোমসের বাব আমরো, ইনশাত, খালিদিয়া ও অন্যান্য এলাকায় গোলা হামলা চালানো হচ্ছে।
শহরের অপর বিদ্রোহী ওয়ালিদ আব্দাল্লাহ বলেন, “আল-ওয়ায়ের মতো হোমসের সীমান্তবর্তী জেলাগুলোর অধিকাংশ এলাকা গোলা হামলা চালিয়ে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে।
“হোমস এখন বিদ্রোহের রাজধানীতে পরিণত হয়েছে। সরকার গোলা হামলা চালিয়ে একে অন্য একটি হামা শহরে পরিণত করবে বলে ভয় পাচ্ছি।”
প্রত্যক্ষদর্শীরা জানান, গত এক সপ্তাহ ধরে সরকারি বাহিনীর বোমা হামলা ও গোলাগুলিতে হোমস শহরের হাসপাতালগুলো হতাহতের সংখ্যায় ভরে গেছে। এছাড়া নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব না হওয়ায় চিকিৎসার অভাবে আহত অনেকে রাস্তাতেই মারা গেছে।
হোমসের একটি বিরোধী দল দ্য লোকাল কোঅর্ডিনেশন কমিটিস’র হিসেবে অনুযায়ী, কেবল বৃহস্পতিবার রাতেই ১১০ জন মারা গেছে। অবশ্য তাদের এ দাবির সত্যতা যাচাই করা যায়নি।
ওদিকে বেসামরিক জনগণের ভোগান্তি নিয়ে বিভিন্ন দেশে উদ্বেগ দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র জানায়, তারা খাবার ও ওষুধ সরবরাহের বিষয়টি বিবেচনা করে দেখছে।
সিরিয়ায় হত্যাযজ্ঞ বন্ধ ও ত্রাণ সরবরাহের উপায় খুঁজতে আন্তর্জাতিক পর্যায়ে বৈঠক করতে চায় প্রতিবেশী দেশ তুরস্ক। তুরস্ক একসময় সিরিয়ার বন্ধু থাকলেও এখন তারা আসাদের পদত্যাগ চায়।
বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/এফএফ/এলকিউ/১৫৩১ঘ.
bdnews24