হেলসিঙ্কি, ফেব্র“য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্র্স)- মোবাইল ফোন তৈরি কোম্পানি নোকিয়া এর ফিনল্যান্ড, হাঙ্গেরি ও মেক্সিকো কারখানা থেকে আরো চার হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে।
উৎপাদন খরচ কমাতে এ পদক্ষেপ নিচ্ছে নোকিয়া।
গত বছর এপ্রিলে নোকিয়া ৭ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয়। সেপ্টেম্বরে তারা আরো ৩ হাজার ৫শ কর্মী ছাঁটাইয়ের কথা জানায়। আর নোকিয়ার আরেক শাখা নোকিয়া সিমেন্স নভেম্বরে ১৭ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয়।
এখন নতুন করে আরো ৪ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণায় নোকিয়ার মোট কর্মী ছাঁটাইয়ের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে গেলো।
এক বিবৃতিতে নোকিয়া জানায়, এ বছর ধাপে ধাপে এ ছাঁটাই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
হাঙ্গেরিতে ছাঁটাই হবে ২ হাজার ৩শ’ কর্মী, ফিনল্যান্ডে প্রায় ১ হাজার এবং বাকী কর্মী মেক্সিকো থেকে ছাঁটাই করা হবে।
নোকিয়া সিমেন্সসহ ২০১১ সালে কোম্পানিটির মোট ১ লাখ ৩০ হাজার কর্মী ছিল। কিন্তু এ কোম্পানি ক্রমেই লোকসানের সম্মুখীন হচ্ছে।
২৬ জানুয়ারিতে নোকিয়া তাদের নতুন উইন্ডোস ফোন বিক্রিতে অ্যাপল কোম্পানির সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পারায় আয় ৭৩ শতাংশ কমে গেছে বলে জানিয়েছে। তাছাড়া, নোকিয়ার স্মার্টফোন বিক্রিও এক বছর আগে থেকেই ৩১ শতাংশ কমেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৮০৩ঘ.
bdnews24