২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দুকের নলের মুখে পদত্যাগে বাধ্য হয়েছি: নাশিদ

মালদ্বীপে সরকারবিরোধী বিক্ষোভ ও পুলিশ সদস্যদের বিদ্রোহের মুখে পদত্যাগ করা প্রেসিডেন্ট মোহাম্মেদ নাশিদ বুধবার বলেছেন, বন্দুকের নলের মুখেই তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। তিনি তার উত্তরসূরিকেও পদত্যাগ করার আহ্বান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2012, 11:41 AM

Updated : 24 Aug 2022, 10:44 AM

মালে, ফেব্র“য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মালদ্বীপে সরকারবিরোধী বিক্ষোভ ও পুলিশ সদস্যদের বিদ্রোহের মুখে পদত্যাগ করা প্রেসিডেন্ট মোহাম্মেদ নাশিদ বুধবার বলেছেন, বন্দুকের নলের মুখেই তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। তিনি তার উত্তরসূরিকেও পদত্যাগ করার আহ্বান জানান। ওদিকে, এর আগে এক খবরে মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট ওয়াহিদ হাসান মানিক বেশ দৃঢ়তার সঙ্গেই জানান যে, তিনি কোনো অভ্যুত্থানের মধ্য দিয়ে নয় বরং সাংবিধানিক নিয়ম মেনেই ক্ষমতায় এসেছেন। মঙ্গলবার নাশিদের পদত্যাগের পরপরই দেশের নতুন র্অর্ন্তবতী প্রেসিডেন্ট হিসাবে শপথ নেন ভাইস প্রেসিডেন্ট ওয়াহিদ হাসান। হাসানের হাতে ক্ষমতা হস্তান্তরের কথা উল্লেখ করেন স্বয়ং নাশিদও। কিন্তু এর পরদিনই নিজ দলের এক বৈঠকের পর সাংবাদিকদের নাশিদ জানান, তাকে বন্দুকের নলের মুখে পদত্যাগে বাধ্য করা হয়েছে। তিনি বলেন, “ আমার চারপাশ ঘিরে ছিলো বন্দুক এবং তারা বলছিলো আমি পদত্যাগ না করলে ওই বন্দুক ব্যবহার করতে তারা কোনো দ্বিধা করবে না।” নাশিদ আরো বলেন, এ অভ্যুত্থানের পেছনে কে জড়িত তা খতিয়ে দেখতে তিনি প্রধান বিচারপতিকে ডেকে পাঠিয়েছেন। আইনানুগ সরকার প্রতিষ্ঠার যথাসম্ভব চেষ্টা চলবে বলেও জানান তিনি। নাশিদকে ক্ষমতা থেকে সরানোর কোনো পরিকল্পনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন নতুন প্রেসিডেন্ট ওয়াহিদ হাসান। বুধবার এক সংবাদ সম্মেলনে ওয়াহিদ জানান, তিনি মালদ্বীপের সবগুলো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করছেন এবং কয়েকদিনের মধ্যেই মন্ত্রিসভার মনোনয়ন চূড়ান্ত হয়ে যাবে। সাবেক প্রেসিডেন্ট নাশিদকে ক্ষমতাচ্যুত করার কোনো চক্রান্তে জড়িত থাকার কথা অস্বীকার করে তিনি বলেন, “আমাকে দেখে কি মনে হয় আমি অভ্যুত্থান ঘটাতে পারি? এরকম কোনো পরিকল্পনা ছিল না। আমি এর জন্য প্রস্তুতও ছিলাম না।” নাশিদ সেনাবাহিনীর সমর্থন হারানোর পরই পদত্যাগের ঘোষণা দেন বলে মনে করা হচ্ছিলো। সামরিক বাহিনীর মুখপাত্র কর্ণেল আব্দুল রহিম আব্দুল লতিফের ভাষ্যমতে, সেনাবাহিনী নাশিদকে পদত্যাগের পরামর্শ দিয়েছিল। তবে লতিফ জানান, নাশিদ নিজেই পদত্যাগ করবেন কিনা সে পরামর্শ নিতে সামরিক বাহিনীর সদরদপ্তরে গিয়েছিলেন। তারপরই তাকে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়। তাকে প্রাসাদে আটকে রাখার কথাও লতিফ অস্বীকার করেন। ওদিকে, প্রেসিডেন্টের একজন কর্মকর্তা মালদ্বীপের এ অস্থিরতাকে সাবেক প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইয়ুমের ‘অভ্যুত্থান প্রচেষ্টা’ বলে অভিযোগ করেন। কিন্তু এ অভিযোগ অস্বীকার করেন লতিফ । ২০০৮ সালে মালদ্বীপে প্রথমবারের মতো অনুষ্ঠিত গণতান্ত্রিক নির্বাচনে দীর্ঘদিনের প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইয়ুমকে হারিয়ে নির্বাচিত হন নাশিদ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বলিষ্ঠ বক্তব্য দিয়ে তিনি দ্রুত পরিচিতি পান। নাশিদের পূর্বসুরি গাইয়ুম টানা ৩০ বছর ক্ষমতায় ছিলেন। সেসময় গণতান্ত্রিক সরকারের দাবিতে আন্দোলনের জন্য ২৭ বার গ্রেপ্তার হন নাশিদ। এর মধ্যে একবার ছয় বছর কারাবন্দী ছিলেন তিনি। সরকারের নির্দেশে গত মাসে এক জ্যেষ্ঠ বিচারক গ্রেপ্তার হওয়ার পর নাশিদের বিরুদ্ধেও তার পূর্বসূরী মামুন আব্দুল গাইয়ুমের মতো স্বৈরাচারী আচরণের অভিযোগ ওঠে। এর পরপরই মামুন আব্দুল গাইয়ুমের সমর্থকরা রাজপথে বিক্ষোভ শুরু করে। সোমবার পুলিশ বাহিনীর একটি অংশ বিদ্রোহ করলে আন্দোলন চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। এ পরিস্থিতিতে পদত্যাগ করেন নাশিদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭২৩ঘ.