ডেনভার, ফেব্র“য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশীদের প্রতিযোগিতার দৌড়ে তিনটি রাজ্যে জয়ী হয়ে সামনের সারিতে উঠে এসেছেন সাবেক সিনেটর রিক সান্তোরাম।
মঙ্গলবার কলারাডো, মিনেসোটা ও মেসৌরি রাজ্যে ভোটাভুটি হয়। এতেই হ্যাট্রিক করে প্রতিদ্বন্দ্বী মিট রমনিকে হতাশ করলেন রিক সান্তোরম।
এর আগ পর্যন্ত প্রতিটি রাজ্যে রিপাবলিকান দলের প্রথম ৫টি মনোনয়ন প্রতিযোগিতায় মাত্র একটি রাজ্যে জয় পেয়েছিলেন সান্তোরম।
কিন্তু মঙ্গলবার তিনটি রাজ্যে রিপাবলিকান দলের মনোনয়ন প্রতিযোগিতার প্রথম দিনেই রমনিকে বিরাট ব্যবধানে হারিয়ে উপরে উঠে আসেন সান্তোরাম। মিসৌরির প্রাইমারিতে ৩০ পয়েন্টে মিট রমনিকে পরাজিত করেছেন তিনি।
মিনেসোটার ককাসে ৪৫ শতাংশ ভোট পেয়েছেন সান্তোরম। ওদিকে, কলারাডোতে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতার পরও রমনির চেয়ে ৫ শতাংশ বেশি ভোটে জয়ী হন সান্তোরম। এ বিজয়ে দারুণভাবে চোট পেয়েছেন পূর্ববর্তী প্রতিযোগিতায় এগিয়ে থাকা মিট রমনি।
তাছাড়া, মিনেসোটায় রমনির জন্য আরেকটি ধাক্কা হল ২৭ শতাংশ ভোট পেয়ে রন পলের দ্বিতীয় হওয়া। পলের চেয়েও কম ১৭ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে চলে গেছেন রমনি।
গত সপ্তাহে নেভাদা ও ফ্লোরিডায় বিশাল জয় পাওয়ার পর মিনেসোটা ও মিসৌরিতে তেমন প্রচারাভিযান চালাননি রমনি। সেইসঙ্গে কলারাডোতে জয়ী হওয়ার ব্যাপারেও আশাবাদী ছিলেন তিনি।
মঙ্গলবারের তিনটি রাজ্যসহ এ পর্যন্ত মোট আটটি রাজ্যে প্রাইমারি ও ককাস হয়েছে। এতে সান্তোরম চারটি রাজ্যে, মিট রমনি তিনটি ও নিউ গিংরিচ একটি রাজ্যে জয়ী হয়েছেন।
মঙ্গলবারের আগে পাঁচটি রাজ্যে ভোট হয়। যুক্তরাষ্ট্রের প্রতিটি রাজ্যে সমর্থক ও কর্মীদের মধ্যে প্রাইমারি ও ককাস থেকে জয়ী প্রার্থীকে রিপাবলিক দল থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থীতার জন্য আনুষ্ঠানিক মনোনয়ন দেয়া হবে।
চলতি বছর ৬ নভেম্বর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বারাক ওবামাকে মোকাবেলা করবেন ওই প্রার্থী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬১৩ঘ.
bdnews24