ঢাকা, ফেব্র“য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাপ্তবয়ষ্ক হওয়ার পর বাবা-মার বাড়িতে থাকতে হলে তাদের অনুমতি নিতে হবে বলে মনে করে বোম্বে হাইকোর্ট।
একটি ফ্ল্যাটের দখল নিয়ে বাবা ও মেয়ের মধ্যে চলা এক মামলার শুনানিতে আদালত স¤প্রতি এই পর্যবেক্ষণ দেয়।
বুধবার টাইমস অব ইন্ডিয়ার এক নিবন্ধে বলা হয়, মুম্বাইয়ের দাবর পারসি কলোনির ৭৩ বছর বয়সী সলি বাহাদুরজি বাটিওয়ালা এবং তার ৩৫ বছর বয়সী মেয়ে কাশমিরা সলি বাটিওয়ালার মধ্যে বিবাদের শুনানিতে এ পর্যবেক্ষণ দেন বিচারক জে এইচ ভাটিয়া।
বিচারক তার পর্যবেক্ষণে বলেন, “সন্তানদের লালন-পালন করা পিতা-মাতার দায়িত্ব। কিন্তু সন্তানরা প্রাপ্তবয়স্ক হলে তাদের আর অভিভাবকদের ব্যক্তিগত সম্পত্তিতে থাকার আইনি অধিকার নেই। অভিভাবকের অনুমতি পেলেই কেবল তারা থাকতে পারবে।”
মেয়েরা বিয়ের পর স্বামীর সংসারের অংশ হয়ে যায় বলেও আদালতের পর্যবেক্ষণে উল্লেখ করা হয়।
“যখন মেয়েরা বিয়ে করে তার বাবার বাড়ি ছেড়ে স্বামীর বাড়িতে যায়- সে তখন আর বাবার পরিবারের সদস্য থাকে না, স্বামীর পরিবারের সদস্য হয়ে যায়। তাই বিয়ের পর যখন সে তার বাবা-মার বাড়ি যায়, আইনগতভাবে সে আসলে সেখানে অতিথি হিসেবেই থাকতে পারে। সেখানে স্থায়ীভাবে থাকার অধিকার তার নেই। বাবা-মা যতদিন তাকে থাকতে দেবে, ততদিনই সে থাকতে পারবে। কোনো জোর খাটাতে পারবে না।”
এই কারণ দেখিয়ে দাবর পারসি কলোনিতে সলি বাহাদুরজির ভাড়া করা ফ্ল্যাটে মেয়ে কাশমিরার থাকার আবেদন নাকচ করে দেয় আদালত।
আদালত জানায়, যতদিন সলি বাহাদুরজি বেঁচে থাকবেন, ততদিন এই ফ্ল্যাটে থাকার অধিকার তারই। তিনি মারা যাওয়ার পরই কেবল তার মেয়ে এখানে থাকতে পারেন।
বিবাদের মূলে থাকা ইস্ট দাবরের পারসি কলোনির ফ্ল্যাটটির মালিক পারসি সেন্ট্রাল অ্যাসোসিয়েশন কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড। ফ্ল্যাটি ভাড়া নেওয়া হয়েছিল বাহাদুরজির মায়ের নামে। ১৯৮০ সালে তিনি মারা গেলে ফ্ল্যাটটি পান বাটিওয়ালা। ১৯৯৮ সালে বিয়ের পর ওই বাড়ি ছেড়ে স্বামীর কাছে চলে যান কাশমিরা।
বাটিওয়ালা গতবছর নিু আদালতের কাছে আবেদন করেন, তার মেয়ে ও তার জামাইকে বাড়িতে ঢুকতে না দেওয়ার বিষয়ে আদেশ জারি করা হোক। কাশমিরা মামলা লড়ার সিদ্ধান্ত নিলে বিষয়টি শেষ পর্যন্ত হাইকোর্ট পর্যন্ত গড়ায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/জেকে/১১৫৩ ঘ.
bdnews24