২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মবিরতিতে যাচ্ছে রয়টার্সের সাংবাদিকরা

যুক্তরাজ্যে এ সপ্তাহেই কর্মবিরতিতে যাচ্ছে রয়টার্সের সাংবাদিকরা। বৃহস্পতি ও শুক্রবার ৪৮ ঘন্টা ধর্মঘটের পরিকল্পনা করেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2012, 11:13 AM

Updated : 24 Aug 2022, 10:44 AM

লন্ডন, ফেব্র“য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাজ্যে এ সপ্তাহেই কর্মবিরতিতে যাচ্ছে রয়টার্সের সাংবাদিকরা। বৃহস্পতি ও শুক্রবার ৪৮ ঘন্টা ধর্মঘটের পরিকল্পনা করেছে তারা। গত পঁচিশ বছরেরও বেশি সময়ের মধ্যে এটাই তাদের প্রথম ধর্মঘট। বেতন বাড়ানোর জন্য বার্ষিক বাজেটে তিন শতাংশ বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব করেছিল রয়টার্সের পরিচালক কোম্পানি থম্পসন রয়টার্স। কিন্তু ওই প্রস্তাব প্রত্যাখান করে তারা এ কর্মবিরতিতে যাচ্ছে। সব কর্মীর বেতন নূন্যতম ১ দশমিক ৭৫ শতাংশ বৃদ্ধির প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে লন্ডনভিত্তিক ‘ন্যাশনাল ইউনিয়ন অব জার্নালিস্টস’ (এনইউজে)। তাদের যুক্তি, ২০১১ সালে ব্রিটেনে খুচরা পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ৮ শতাংশ, যা পশ্চিম ইউরোপের সর্বোচ্চ। রয়টার্সের এনইউজে কর্মকর্তা মাইক রডি ও হেলেন লঙ্গ এক বিবৃতিতে বলেন, “কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতায় পৌঁছতে আমরা অনেক চেষ্টা করেছি। কিন্তু কোম্পানি মূল্যস্ফীতির হারের চেয়ে নিম্ন হার (১ দশমিক ৭৫) প্রস্তাব করা থেকে সরে আসেনি।” ফলে গত ২৫ বছরের মধ্যে এই প্রথম থম্পসন রয়টার্সের সাংবাদিকরা ধর্মঘটে যেতে বাধ্য হচ্ছে। এনইউজে থেকে ১৫০ জন কর্মীর কর্মবিরতিতে যাওয়ার কথা কোম্পনিকে জানানো হয়েছে বলে জানিয়েছেন রয়টার্স নিউজের প্রধান সম্পাদক স্টিফেন অ্যাডলার। কোম্পানির সদর দপ্তর নিউ ইয়র্ক থেকে এক বিবৃতিতে অ্যাডলার সহকর্মীদের কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্তকে গণতান্ত্রিক অধিকার আখ্যা দিয়ে বলেছেন, এতে বিশ্বব্যাপী রয়টার্সের সংবাদ কার্যক্রমে কোন ব্যাঘাত ঘটবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৭০৮ঘ.