কায়রো, ফেব্র“য়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-সিরিয়ার বিরুদ্ধে আনা জাতিসংঘ প্রস্তাবনায় ভেটো দিয়ে চীন ও রাশিয়া আরব বিশ্বে কূটনৈতিক আস্থা হারিয়েছে বলে মন্তব্য করেছেন আরব লিগ প্রধান।
সোমবার কায়রোয় আরব লিগের সদর দপ্তর থেকে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সংগঠনটির মহাসচিব নাবিল এল আরাবি বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবনায় ভেটো দিয়ে সিরিয়াকে অবাধে দমন-পীড়ন চালানোরই বার্তা দিয়েছে রাষ্ট্র দুটো।
তবে সিরিয়ায় চলমান সহিংসতা বন্ধে চীন ও রাশিয়াসহ নিরাপত্তা পরিষদের অন্য রাষ্ট্রগুলোর সঙ্গে কাজ চালিয়ে যাবেন বলেও জানান তিনি।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপিত প্রস্তাবনা চীন ও রাশিয়ার ভেটোতে বাতিল হয়ে যাওয়ায় হোমস শহরে নতুন করে প্রচণ্ড হামলা শুরু করেছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনী। সোমবার শহরটির বেশ কয়েকটি এলাকায় আসাদ বাহিনীর হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে।
এল আরাবি বলেন, “দুঃখজনকভাবে শেষ মুহূর্তে এসে চীন ও রাশিয়ার প্রতিনিধিরা ভেটো দেয়। আমি বলতে চাই যে, রাশিয়া বা যে দেশই ভেটো দিক না কেন, তা মেনে নেওয়া যায় না।”
আরব লিগ মহাসচিব আরো বলেন, “আমি তাদের দোষারোপ করছি না। কিন্তু সিরিয়ার বিরোধীপক্ষ আরব লিগকে তাদের সমস্যা এবং সমাধানের মধ্যে এক ধরনের সেতুবন্ধন হিসাবেই দেখে-- যে সমাধান হবে লিবিয়ায় কায়দায়। কিন্তু লিবিয়া থেকে এ পরিস্থিতি ভিন্ন।”
লিবিয়ার ক্ষেত্রে উড্ডয়ন নিষিদ্ধ এলাকা সমর্থন করেছিলো আরব লিগ। এ পথ ধরে শেষে জাতিসংঘ প্রস্তাবনা পাশ এবং ন্যাটো নেতৃত্বাধীন সামরিক হস্তক্ষেপের মধ্য দিয়ে সুরাহা হয় লিবিয়া সঙ্কটের। কিন্তু সিরিয়ায় সামরিক হস্তক্ষেপের বিষয়টি ইতোমধ্যেই নাকচ করেছে আরব লিগ ও পশ্চিমা রাষ্ট্রগুলো।
নিরাপত্তা পরিষদের প্রস্তাবনায় ভেটো দেয়ার পর বেইজিং ও মস্কো আরব বিশ্বে কূটনৈতিক আস্থা খুইয়েছে কী না- এ এক প্রশ্নের জবাবে এল আরাবি বলেন, “এক কথায় বলতে গেলে হ্যাঁ। তবে তিনি বলেন, “আরব বিশ্ব তাদের সঙ্গে কাজ করে যাবে। কেননা তাদেরকে আমাদের প্রয়োজন ।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫৩৯ঘ.
bdnews24