মালে, ফেব্র“য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রেসিডেন্ট মোহাম্মেদ নাশিদকে ক্ষমতাচ্যুত করতে আন্দোলনে যোগ দিয়েছে মালদ্বীপের পুলিশ বাহিনী। তারা রাষ্ট্রীয় টেলিভিশনের নিয়ন্ত্রণ নিয়ে জনগণকে রাস্তায় নেমে আসার আহ্বান প্রচার করছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
তবে প্রেসিডেন্টের ঘনিষ্ট একটি সূত্র জানিয়েছে, নাশিদ মালদ্বীপের জাতীয় প্রতিরক্ষা বাহিনীর সদরদপ্তরে নিরাপদেই আছেন। সেনাবাহিনীও তার নিয়ন্ত্রণে রয়েছে।
সরকারের নির্দেশে গত মাসে এক জ্যেষ্ঠ বিচারক গ্রেপ্তার হওয়ার পর থেকেই দেশটির সাবেক প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইয়ুমের সমর্থকরা রাজপথে বিক্ষোভ করে আসছে। সোমবার পুলিশ বাহিনীর একটি অংশও তাদের সঙ্গে যোগ দিলে আন্দোলন নতুন মাত্রা পায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার বিদ্রোহী পুলিশ সদস্যরা রাষ্ট্রীয় টেলিভিশনের নিয়ন্ত্রণ নিয়ে সরকারবিরোধী প্রচারণা চালাতে শুরু করে।
২০০৮ সালে মালদ্বীপে প্রথমবারের মতো অনুষ্ঠিত গণতান্ত্রিক নির্বাচনে মামুন আব্দুল গাইয়ুমকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন নাশিদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/১৩৪০ ঘ.
bdnews24