ওয়াশিংটন, ফেব্র“য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ইরানের ওপর নিষেধাজ্ঞা আরেক দফা কঠোর করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি ইরান সরকারের সঙ্গে সম্পর্কযুক্ত সম্পদ জব্দ করার ক্ষমতা দিয়েছেন মার্কিন ব্যাংকগুলোকে।
সোমবার হোয়াইট হাউস থেকে বলা হয়েছে, রোববার এক নির্বাহী আদেশ স্বাক্ষরের মাধ্যমে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের ওপর আরোপিত নিষেধাজ্ঞা আরো কঠোর করেছেন ওবামা, যাতে নিষেধাজ্ঞার ফাঁক খুঁজে তেহরান কোনো সুবিধা নিতে না পারে।
কংগ্রেসে দেয়া এক চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট জানান, যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশগুলোর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে ইরানি ব্যাংকগুলো লেনদেন গোপন করছে। ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচির কারণে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
চিঠিতে ওবামা বলেন, “নিষেধাজ্ঞা আরোপ করা দেশগুলোর সঙ্গে ইরানের কেন্দ্রিয় ও অন্যান্য ব্যাংকগুলো গোপনে লেনদেন চালিয়ে যাওয়ায় অতিরিক্ত এ নিষেধাজ্ঞা জারির প্রয়োজন হয়ে পড়ে।”
মার্কিন ব্যাংকগুলোর বিদেশি শাখাগুলোকে অতিরিক্ত ক্ষমতা দেওয়া যৌক্তিকতা ব্যাখ্যা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “ইরানের মুদ্রা পাচার বিরোধী আইনে ঘাটতি রয়েছে এবং তাদের কার্যক্রমে আন্তর্জাতিক অর্থ ব্যবস্থা ঝুঁকির মুখে পড়ছে।”
এর আগে মার্কিন ব্যাংকগুলোকে ইরানের সঙ্গে লেনদেন বাতিল করার ক্ষমতা দেওয়া হয়েছিল। নতুন এ নির্বাহী আদেশে ব্যাংকগুলোকে ইরানি রাষ্ট্রীয় সম্পদ জব্দের ক্ষমতা দেওয়া হলো।
ওবামার নতুন এ আদেশের ফলে ইরানের কী পরিমাণ সম্পদ জব্দ হতে পারে সে বিষয়টি এখনও স্পষ্ট হয়নি।
স্থবির হয়ে যাওয়া পরমাণু আলোচনায় ইরানকে ফিরিয়ে আনার লক্ষ্যেই মার্কিন প্রেসিডেন্ট নিষেধাজ্ঞা আরো কঠোর করছেন বলে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এসইউ/১২০২
bdnews24