২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার হোমস শহরে প্রচণ্ড গোলাবর্ষণ

সিরিয়ায় হোমস শহরে চলছে প্রচণ্ড গোলাবর্ষণ। অনবরতই ঘটছে বিস্ফোরণ। ১১ মাসের আসাদ বিরোধী আন্দোলনে সরকারি বাহিনীর সবচেয়ে ভয়াবহ এ হামলায় সোমবার অন্তত ৫০ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2012, 10:07 AM

Updated : 24 Aug 2022, 10:43 AM

বৈরুত, ফেব্র“য়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় হোমস শহরে চলছে প্রচণ্ড গোলাবর্ষণ। অনবরতই ঘটছে বিস্ফোরণ। ১১ মাসের আসাদ বিরোধী আন্দোলনে সরকারি বাহিনীর সবচেয়ে ভয়াবহ এ হামলায় সোমবার অন্তত ৫০ জন নিহত হয়েছে। সিরীয় ন্যাশনাল কাউন্সিলের ক্যাথেরিন আল-তালি প্রাথমিক খবরে রয়টার্সকে জানান, “সকাল ছয়টায় গোলাবর্ষণ শুরুর পর থেকে বিভিন্ন এলাকার আন্দোলন কর্মীদের কাছ থেকে পাওয়া খবরানুযায়ী, ৫০ জন নিহত হয়েছে। বেশিরভাগই বেসামরিক নাগরিক।” তিনি আরো বলেন, “এ প্রশাসন এমন কর্মকাণ্ড চালাচ্ছে যেনো তারা আন্তর্জাতিক হস্তক্ষেপ থেকে সুরক্ষা পেয়ে গেছে। আর সেকারণেই তারা অবাধে জনগণের ওপর সহিংসতা চালাচ্ছে।” জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আবর রাষ্ট্রগুলোর সমর্থনে উত্থাপিত খসড়া প্রস্তাবনা চীন ও রাশিয়ার ভেটোর কারণে পাশ না হওয়ার একদিন পরেই সিরিয়ায় নতুন করে এ হামলা শুরু হল। হোমসের বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ করেছে এমন এক কর্মী বলেন, “স¤প্রতি চালানো বোমা হামলার মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ।” নিহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে। আসাদ বিরোধী আন্দোলনের প্রাণকেন্দ্রগুলোর অন্যতম এ শহরে কয়েকদিন ধরেই হামলা চালাচ্ছে সরকারি বাহিনী। সোমবার দিনের আলো ফোটার কিছুক্ষণ পরই আবার নতুন করে গোলাবর্ষণ শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, এ হামলায় সেনারা প্রথম রকেট ব্যবহার করছে। ভোরের পর থেকে ৩০ সেকেন্ড পরপরই মর্টারের গোলার শব্দ পাওয়া যাচ্ছে। হামলায় ভারি অস্ত্রও ব্যবহার করা হচ্ছে। পাল্টা জবাবে বিদ্রোহী যোদ্ধারা স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করছে। বাবা অমর এলাকায় একটি হাসপাতালে গোলার আঘাতে হতাহতের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে বিদ্রোহীরা। তবে এ দাবি নিরপেক্ষসূত্রে যাচাই করা যায়নি। এর আগে শুক্রবার রাতে হোমসের খালিদিয়া শহরে আসাদ বাহিনীর হামলায় দুই শতাধিক মানুষ নিহত হয়। এ শহরটিই আসাদ বিরোধী আন্দোলনের কেন্দ্র ছিল। স্থানীয় এক বাসিন্দা টেলিফোনে রয়টার্সকে বলেন, “তারা ফ্রি সিরিয়ান আর্মিকে শহর থেকে বিতাড়িত করতে চাইছে।” তিনি আরো বলেন, “নির্দিষ্ট লক্ষ্যে বার বার রকেট হামলা হচ্ছে।” শহরটি একটি অংশ ফ্রি সিরিয়ান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। বিরোধী দলীয় কর্মী ও স্থানীয় বাসিন্দারা জানায়, নতুন করে বেশ কয়েকটি স্থানে হামলা শুরু করেছে সিরিয়া বাহিনী। আসাদ বিরোধী কর্মীরা জানান, সোমবার রাত ২টায় হোমসের খালিদিয়া, বাবা আমরো, বায়দা ও বাব দ্রেইবে একযোগে হামলা চালানো হয়। বিরোধীদের নিয়ন্ত্রণে থাকা জাবাদানি শহরেও সোমবার রাতে হামলা হয়েছে বলে তারা জানিয়েছে। গত বছর মার্চ থেকে সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী আন্দোলন চলছে। আন্তর্জাতিক আহ্বান উপেক্ষা করে সরকারি বাহিনী দিয়ে আন্দোলনকারীদের ওপর ব্যাপক দমন পীড়ন চালাচ্ছেন প্রেসিডেন্ট আসাদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/২১১৮ঘ.