ওয়াশিংটন, ফেব্র“য়ারি ০৫ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার হোমস শহরে বেসামরিক জনগণের ওপর হামলাকে ‘অবর্ণনীয়’ আখ্যা দিয়ে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের পদত্যাগ দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
শনিবার এক বিবৃতিতে ওবামা বলেন, “আসাদের উচিত এখনই নিজ দেশের জনগণের বিরুদ্ধে হত্যা ও অভিযান বন্ধ করা। তার উচিত পদত্যাগ করে গণতান্ত্রিকভাবে দেশ পরিচালনার সুযোগ করে দেওয়া।”
হোমস শহরের আবাসিক এলাকায় সরকারি বাহিনীর গোলা হামলায় এক রাতেই ২ শতাধিক মানুষ নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে ওবামা এমন মন্তব্য করেন বলে এনডিটিভি জানায়।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, “গতকাল (শুক্রবার) গোলা হামলা ও আরো বিভিন্ন ধরনের সহিংসতার মাধ্যমে নারী ও শিশুসহ সিরিয়ার কয়েকশ’ নাগরিককে হত্যা করেছে সরকার। আর আহত কয়েকশ’ বেসামরিক ব্যক্তিকে স্বাস্থ্যসেবা নিতেও বাধা দিচ্ছে তারা।
“হোমস শহরের জনগণের বিরুদ্ধে চালানো এসব অবর্ণনীয় হামলার তীব্র নিন্দা এবং একইসঙ্গে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি আমি”, বলেন ওবামা।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এখন আসাদ সরকারের বিরুদ্ধে দাঁড়ানোর সুযোগ এসেছে বলেও ওবামা জানান।
কিন্তুওবামার এই নিন্দা ও পদত্যাগের আহ্বানে সাড়া দেয়নি রাশিয়া ও চীন।
এরই ধারাবাহিকতায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে শনিবার বাশার আল আসাদ সরকারের পদত্যাগ ও নিরাপত্তা বাহিনীর চলমান সহিংসতা বন্ধে উত্থাপিত একটি প্রস্তাবে ভেটো দিয়েছে নিরাপত্তা পরিষদের ওই স্থায়ী দুটি রাষ্ট্র।
রাশিয়া ও চীনের বিরোধিতার কারণে আসাদের বিরুদ্ধে জাতিসংঘের ব্যবস্থা গ্রহণের সম্ভাবনা আপাতত স্থগিত হলো।
বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৫১৫ ঘ.
bdnews24