২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসাদের পদত্যাগ প্রস্তাবে চীন-রাশিয়ার ভেটো

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে পদত্যাগের আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপিত একটি প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া ও চীন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2012, 06:15 PM

Updated : 24 Aug 2022, 10:42 AM

জাতিসংঘ, ফেব্র“য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে পদত্যাগের আহ্বান জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপিত একটি প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া ও চীন। সিরিয়ায় সরকার পতনের দাবিতে বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর চলমান সহিংসতার পরিপ্রেক্ষিতে আরব লীগ এবং যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের সমর্থনে শনিবার নিরাপত্তা পরিষদে ওই প্রস্তাব তোলা হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা সিরিয়ায় নিরাপত্তা বাহিনীর সহিংসতার তীব্র নিন্দা জানালেও নিরাপত্তা পরিষদের দুই স্থায়ী সদস্য রাশিয়া ও চীন ওই খসড়া প্রস্তাব নাকচ করে। তাদের ভেটোর কারণে আসাদের বিরুদ্ধে জাতিসংঘের কোনো ব্যবস্থা নেওয়ার পথ আপাতত রুদ্ধ হলো। শুক্রবার হোমসে নিরাপত্তা বাহিনীর গোলা হামলার পর শনিবার আবারো সেখানে ৫৫ বেসামরিক নাগরিক নিহত হওয়ার কথা মানবাধিকারকর্মীরা জানানোর কয়েক ঘণ্টা পর নিরাপত্তা পরিষদে ওই ভোট হয়। সিরিয়ার দমন অভিযানকে ‘অবর্ণনীয় নির্মমতা’ বলে অভিহিত করেন ওবামা। এর আগে অবশ্য রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ ওই খসড়া প্রস্তাব সম্পর্কে বলেন, এ প্রস্তাব ‘হতাশাজনক’ নয়। তবে সেখানে ‘একটি গৃহযুদ্ধের পক্ষ নেওয়া’ থেকে বিরত থাকার জন্য কিছু শব্দের সংশোধন দরকার। প্রস্তাবে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে পদত্যাগের আহ্বান জানানোয় এবং তাতে সশস্ত্র বিরোধী গ্র“পগুলোকে নিরস্ত্র করার কোনো কথা না থাকায় এর সমালোচনা করেন তিনি। খসড়ায় রাশিয়ার প্রস্তাবিত সংশোধনীকে ‘অগ্রহণযোগ্য’ হিসেবে অভিহিত করেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সুসান রাইস। আগামী মঙ্গলবার লাভরভের সিরিয়ার রাজধানী দামেস্কে প্রেসিডেন্ট আসাদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে। এদিকে আসাদ নেতৃত্বাধীন সরকারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে তিউনিসিয়া। দূতাবাসে হামলা শুক্রবার হোমসে নিরাপত্তা বাহিনীর গোলা হামলায় দুই শতাধিক মানুষ নিহত হওয়ার পর বিশ্বের বিভিন্ন দেশে সিরীয় দূতাবাসে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। লন্ডন, কায়রো ও কুয়েত সিটিতে সিরীয় দূতাবাসে হামলার পাশাপাশি যুক্তরাষ্ট্র, জার্মানি ও গ্রিসে সিরীয় দূতাবাসের বাইরে বিক্ষোভ হয়। হোমসে নিহতের খবর ছড়িয়ে পড়ার পর শুক্রবার রাতে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে প্রায় দেড়শ’ বিক্ষোভকারী সিরীয় দূতাবাসে হামলা চালায়। সে সময় আটকদের মুক্তির দাবিতে শনিবার আবারো সেখানে বিক্ষোভ হয়। শুক্রবার রাতেই মিশরের রাজধানী কায়রোয় সিরীয় দূতাবাসে হামলা চালিয়ে ফটক ভেঙে দূতাবাস ভবনে ঢুকে পড়ে বিক্ষোভকারীরা। এ সময় তারা আসবাব ও দ্বিতীয় তলায় থাকা কম্পিউটার ভাংচুর করে। দূতাবাস ভবনে অগ্নিসংযোগে নিচতলার বেশ কিছু অংশ পুড়ে যায়। এ ঘটনায় ১১ জনকে আটক করে পুলিশ। তবে শনিবার সকালে পরিস্থিতি শান্ত হয়। শনিবার ভোরে কুয়েত সিটিতে সিরীয় দূতাবাসে হামলা চালায় সেখানে অবস্থানকারী সিরীয় নাগরিকরা। দূতাবাসে সিরীয় পতাকা নামিয়ে ফেলে তারা। গোলা হামলায় নিহতের প্রতিবাদে যুক্তরাষ্ট্র, জার্মানি ও গ্রিসে সিরীয় দূতাবাসের বাইরেও বিক্ষোভ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/০০১৪ ঘ.