লন্ডন, ফেব্র“য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিচার প্রক্রিয়াকে ভুলপথে চালিত করার অভিযোগ উঠার পরপরই যুক্তরাজ্যের জ্বালানি ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ক্রিস হান।
২০০৩ সালে এসেক্সে অনুমোদিত বেগের চেয়ে বেশি গতিতে গাড়ি চালিয়ে ধরা পড়ার পর নিজের ড্রাইভিং লাইসেন্স রক্ষায় তখনকার স্ত্রী ভিকি প্রাইসকে এর দায় নিতে অনুরোধ করেন হান।
এ ঘটনায় শুক্রবার তার বিরুদ্ধে বিচার প্রক্রিয়াকে ভুলপথে চালিত করার অপরাধে অভিযোগ গঠনের ঘোষণা আসে। সে ঘোষণার আধা ঘণ্টার মধ্যেই পদত্যাগপত্র নিয়ে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের কাছে যান ক্ষমতাসীন জোট সরকারের প্রধান শরিক লিবারেল ডেমোক্র্যাট পার্টির প্রভাবশালী নেতা হান।
তার জায়গায় নতুন জ্বালানি ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে কে আসবেন সে বিষয়টি এখনো স্পষ্ট নয়। তবে জোটে ভারসাম্য রাখতে তার দল লিম ডেম থেকেই কাউকে এ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে।
“দাপ্তরিক কাজ ও আইনি লড়াই চালিয়ে যেতে যাতে বেগ পেতে না হয় সেজন্য আমি সরে দাঁড়াচ্ছি এবং জ্বালানি ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করছি,” অভিযোগ গঠনের ঘোষণা আসার পরপরই এ কথা বলেন হান।
শুক্রবার দেশটির সরকারি প্রসিকিউশনের পরিচালক কেইর স্টারমার এক বিবৃতিতে বলেন, “জনাব হান ও মিসেস প্রাইসের বিরুদ্ধে বিচার প্রক্রিয়াকে ভুলপথে চালিত করার অভিযোগ আনার বিষয়ে আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে।”
আগামী ১৬ ফেব্র“য়ারি লন্ডনের ওয়েস্টমিনসস্টার ম্যাজিস্ট্রেট আদালতে ওই অভিযোগের প্রথমিক শুনানি হবে জানিয়ে তিনি বলেন, এ দিন তাদের আদালতে হাজির হতে হবে।
পদত্যাগপত্র গ্রহণ করে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির প্রধান ও প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন সরকার পরিচালনায় হানের কাজের প্রশংসা করেন।
এ সময় বর্তমান জোট সরকার গঠনে কনজারভেটিভ ও লিবারেল ডেমোক্র্যাট পার্টির সমঝোতার ক্ষেত্রে হানের ভূমিকারও প্রশংসা করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এএইচ/২৩৩৩ ঘ.
bdnews24