ঢাকা, ফেব্র“য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিহত আল কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেনের সর্বশেষ স্ত্রীকে নিজদেশ ইয়েমেনে ফিরে যাওয়ার অনুমতি দিতে পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন লাদেনের স্ত্রীর ভাই জাকারিয়া আসাদ।
বৃহস্পতিবার একটি পাকিস্তানি টেলিভিশন চ্যানেলে জাকারিয়ার এক সাক্ষাৎকার প্রচারকালে তিনি ওই আহ্বান জানিয়েছেন বলে সংবাদ সংস্থা দ্য ডন জানায়।
বিন লাদেনের ছোট স্ত্রী জাকারিয়ার আপন বোন। ইয়েমেনের পাকিস্তান দূতাবাসে জাকারিয়ার সাক্ষাৎকারটি গ্রহণ করা হয়।
গত ২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদের একটি বাড়িতে যুক্তরাষ্ট্রের নেভি সিল কমান্ডোদের গোপন অভিযানে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেন নিহত হন। ওই সময় তার ইয়েমেনি ছোট স্ত্রী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
জাকারিয়া দাবি করেন, অভিযানের সময় পায়ে গুলি লাগায় তার বোন অজ্ঞান হয়ে যান। তাই পরবর্তীতে কি ঘটেছে সে সম্পর্কে তার বোন কিছুই জানতে পারেননি।
বিন লাদেনের সঙ্গে তার বোনের ১৯৯৯ সালে বিয়ে হয় এবং দাম্পত্যজীবনে পাঁচ সন্তানের জননী হন বলে জানান জাকারিয়া।
যুক্তরাষ্ট্রের কমান্ডো অভিযানের সময় বোনসহ সন্তানেরা ওই বাড়িতেই ছিলেন বলে ইয়েমেনে বসবাসকারী জাকারিয়া জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৫৩০ ঘ.
bdnews24