২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবরুদ্ধ

ফুটবল মাঠের সহিংসতায় ৭৪ জনের মৃত্যুতে বিক্ষুব্ধ জনতা মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবরোধ করে রেখেছে। অপরদিকে এই ঘটনার জেরে সুয়েজ শহরে প্রতিবাদ জানাতে গিয়ে পুলিশের গুলিতে প্রাণ দিলেন দু’জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2012, 09:25 AM

Updated : 24 Aug 2022, 10:42 AM

কায়রো, ফেব্র“য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফুটবল মাঠের সহিংসতায় ৭৪ জনের মৃত্যুতে বিক্ষুব্ধ জনতা মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবরোধ করে রেখেছে। অপরদিকে এই ঘটনার জেরে সুয়েজ শহরে প্রতিবাদ জানাতে গিয়ে পুলিশের গুলিতে প্রাণ দিলেন দু’জন। শুক্রবার কয়েক হাজার প্রতিবাদকারী কায়রোয় স্বরাষ্ট্রমন্ত্রণালয় অবরোধ করে। পোর্ট সৈয়দের ফুটবল মাঠের ঘটনার জন্য তারা দেশের সামরিক শাসকদের দায়ী করছে। বৃহস্পতিবার রাত নামার সঙ্গে সঙ্গেই কয়েক হাজার প্রতিবাদকারী কায়রোর রাস্তায় নেমে আসে। তারা কায়েরোর প্রাণকেন্দ্র স্বাধীনতা চত্বরের (তাহরির স্কয়ার) নিকটবর্তী স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের আশপাশের রাস্তাগুলো বন্ধ করে দেয়। শুধু পুলিশের সঙ্গে সংঘর্ষে আহতদের বহনকারী অ্যাম্বুলেন্সগুলোকে রাস্তাগুলো ব্যবহার করতে দেওয়া হচ্ছে। রাত গড়িয়ে বৃহস্পতিবার শেষ হয়ে শুক্রবার শুরু হওয়ার পরপরই তারা স্বরাষ্ট্রমন্ত্রণালয় অবরুদ্ধ করে ফেলে। অবরুদ্ধ স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে কোনো গাড়ি বা কেউ বের হতে কিংবা ঢুকতে পারছে না। দাঙ্গা পুলিশের একটি দল স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের ভবনটিকে ঘিরে রেখেছে। তাদের সঙ্গে প্রতিবাদকারীদের সংঘর্ষ চলছে। ফুটবল মাঠের সহিংসতাকে কেন্দ্র করে পুরো মিশরজুড়েই সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সামান্য খেলার সংঘর্ষের ফলাফল এখন রাজনৈতিক রূপ গ্রহণ করেছে। বৃহস্পতিবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের আশপাশে সংঘর্ষে প্রায় ৪শ’ জন আহত হয়েছে বলে জানিয়েছে মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয়। আহতদের অধিকাংশই কাঁদুনে গ্যাসের শিকার হয়ে শ্বাসকষ্টে ভুগছে। এদিকে, সুয়েজ শহরে শুক্রবার দিনের প্রথম প্রহরে বিক্ষুব্ধ জনতা একটি থানায় চড়াও হলে পুলিশের গুলিতে দুজন নিহত হয়। জনতা থানাটিতে ভাংচুর চালায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৫২০ ঘ.