ওয়াশিংটন, ফেব্র“য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তেহরানকে পারমাণবিক বোমা তৈরি থেকে বিরত রাখতে, এপ্রিল মাসে ইরানের ওপর ইসরায়েলের হামলা চালানোর সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লিও প্যানেট্টা।
বৃহস্পতিবার ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে একথা বলা হয়।
এর আগে অপর এক প্রতিবেদনে আগামী কয়েক মাসের মধ্যে ইসরায়েল হামলা চালাতে পারে বলে প্যানেট্টার উদ্বেগের কথা প্রকাশ করা হয়েছিলো।
বৃহস্পতিবার নাম প্রকাশে অনিচ্ছুক ওবামা প্রশাসনের ঊর্ধ্বতন এক কর্মকর্তার বরাত দিয়ে এ প্রতিবেদনটি নিশ্চিত করা হয়েছে বলে সিএনএন জানায়।
ওয়াশিংটন পোস্টের কলামলেখক ডেভিড ইগনাটিয়াস এ প্রতিবেদনে বলেন, “ইসরায়েলের ভাষায় ‘জোন অব ইমিউনিটি’তে প্রবেশে ইরান পারমাণবিক বোমা তৈরির কাজ শুরু করার আগেই এপ্রিল, মে বা জুন মাসে দেশটির ওপর ইসরায়েলের হামলা চালানোর সম্ভাবনা রয়েছে বলে প্যানেট্টা মনে করছেন।
“পরমাণু অস্ত্র তৈরিতে ইরান খুব শীঘ্রই যথেষ্ট পরিমাণে ইউরেনিয়াম মজুদ করবে বলে ইসরায়েল আশঙ্কা করছে এবং কেবলমাত্র যুক্তরাষ্ট্রই সামরিকভাবে এ কাজে তাদের বাধা দিতে পারবে।”
ইগনাটিয়াস অবশ্য এক্ষেত্রে কোনো সূত্রের উল্লেখ করেন নি।
এদিকে প্যানেট্টা ও পেন্টাগন- কেউই এ প্রতিবেদনের বিষয়ে কোনো মন্তব্য করেননি।
ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্পকে ইসরায়েল হুমকি হিসেবে বিবেচনা করছে। তবে কেবল শান্তিপূর্ণ কাজের জন্যই এ কর্মসূচি চালানোর দাবি জানিয়ে আসছে ইরান।
পরমাণু কর্মসূচি সম্পর্কে আরো বেশি তথ্য দিতে তেহরানকে বাধ্য করতে সাম্প্রতিক সময়ে ইরানের ওপর জোড়ালো নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন ও ইউরোপীয় ইউনিয়ন।
এদিকে আরো নিষেধাজ্ঞা আরোপ করা হলে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৫০০ ঘ.
bdnews24