পোর্ট মোরসবি, ফেব্র“য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-পাপুয়া নিউ গিনিতে বৃহস্পতিবার একটি ফেরি ডুবে শতাধিক নিখোঁজ হয়েছে বলে অস্ট্রেলীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
অস্ট্রেলিয়ার সমুদ্র নিরাপত্তা বিষয়ক কর্তৃপক্ষ (এএমএসএ) জানায়, বৃহস্পতিবার সকালে সাড়ে তিনশ’ যাত্রী নিয়ে এমভি রাবাউল কুইন নামের একটি ফেরি ডুবে যায়। তিনটি হেলিকপ্টার ও আটটি নৌযান ঘটনাস্থলে গিয়ে ২১৯ জনকে উদ্ধার করেছে।
অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড মেলবোর্নে সাংবাদিকদের বলেন, “সাড়ে তিনশ’ যাত্রী নিয়ে ফেরি ডুবে যাওয়া খুব বড় ঘটনা। অনেক প্রাণহানির আশঙ্কা রয়েছে।”
তবে আবহাওয়া ভাল থাকায় প্রাণহানির আশঙ্কা কম বলে জানিয়েছেন এএমএসএ’র মুখপাত্র কার্লি লাস্ক।
এএমএসএ জানায়, পাপুয়া নিউ গিনির উত্তর উপকূলের ফিনস্কেফেন থেকে ১৬ কিলোমিটার দূরে ফেরিটি ডুবেছে। এটি নিউ ব্রিটেন দ্বীপের কিমবে থেকে লায়ে যাচ্ছিল।
ফেরির স্বত্বাধিকারী ‘রাবাউল শিপিং’ জানায়, ফেরিটি কি কারণে ডুবে গেছে সে বিষয়ে তারা কিছু জানে না। সেইসঙ্গে ডুবে যাওয়ার আগে ফেরিটি কোনো জরুরি বিপদ সংকেতও পাঠায়নি বলে জানা গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৩৩৬ ঘ.
bdnews24