মস্কো, ফেব্র“য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-সিরিয়ায় সামরিক হস্তক্ষেপের মধ্য দিয়ে সঙ্কট সমাধানের ঘোর বিরোধিতা করছে চীন ও রাশিয়া।
এ বিষয়টি স্পষ্টভাবে নাকচ না করলে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে পদত্যাগের আহ্বান সম্বলিত জাতিসংঘ খসড়া প্রস্তাবনায় রাশিয়া ভেটো দেবে বলে জানিয়েছে।
সিরিয়ায় প্রায় ১০ মাস ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধে প্রেসিডেন্ট আসাদকে পদত্যাগ করে একটি ঐকমত্যের সরকার গঠনের প্রস্তাব দিয়েছে আরব লিগ।
ওদিকে, চরম ও আশু ব্যবস্থা নিয়ে সিরিয়া সংকট সমাধানের আরব লিগ ও কাতারের আহ্বানে জোর সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র।
জাতিসংঘে চীনের রাষ্ট্রদূত লি বোডোং এর উদ্ধৃতি দিয়ে সিনহুয়া জানিয়েছে, সিরিয়ার সমস্যা সমাধানে চীন সামরিক শক্তি প্রয়োগের ঘোর বিরোধী। কারণ এ ব্যবস্থা জাতিসংঘ সনদ পরিপন্থি এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে মৌলিক নীতির লঙ্ঘন।
আসাদ সরকার এর আগে শান্তি প্রস্তাব প্রত্যাখান করায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দ্বারস্থ হয়েছে আরব লিগ। আরব ও পশ্চিমা দেশগুলো দ্রুতই এ প্রস্তাবনা পাশের জন্য জাতিসংঘকে আহ্বান জানিয়েছে।
ওদিকে, বুধবার ইউরোপীয় ইউনিয়নে নিয়োজিত রুশ প্রতিনিধি ভাদিমির চিঝোভ জানিয়ে দেন, সিরিয়ায় সশস্ত্র হস্তক্ষেপের বিষয়টি স্পষ্টভাবে বাতিল না করা পর্যন্ত পশ্চিমা ও আরবদেশগুলোর উত্থাপিত প্রস্তাবনা গ্রহণের সুযোগ নেই।
চিঝোভ বলেন, “খসড়ায় গুরুত্বপূর্ণ একটি বিষয় অনুপস্থিত। আর তা হল সিরিয়ায় বর্হিবিশ্বের সামরিক হস্তক্ষেপের আশঙ্কা বাতিল করে স্পষ্ট একটি ধারা। এ কারণেই খসড়াটি গৃহীত হওয়ার কোনো সুযোগ দেখছি না।”
রাশিয়া জানায়, নিরাপত্তা পরিষদে লিবিয়া বিষয়ে এ ধরনের একটি প্রস্তাবনা পরে বেসামরিক লিবীয়দের রক্ষার সার্টিফিকেট হিসেবে ব্যবহার করে সামরিক হস্তক্ষেপ চালানো হয়েছে।
এর আগে সিরিয়ায় আন্দোলনকারীদের ওপর সরকারি বাহিনীর দমনাভিযানের কারণে জাতিসংঘে আনা একটি নিন্দা প্রস্তাবে ভেটো দেয় চীন ও রাশিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭১৮ ঘ.
bdnews24