ঢাকা, ফেব্র“য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবল শীতে পূর্ব ও মধ্য ইউরোপে অন্ততপক্ষে ৮৯ জনের মৃত্যু হয়েছে। তাপমাত্রা কমে যাওয়ায় ইউরোপের বেশ কয়েকটি দেশ সেনাবাহিনী নামাতে বাধ্য হয়েছে। পাশাপাশি জরুরি আশ্রয়কেন্দ্রও খোলা হয়েছে।
তাপমাত্রার এই অবস্থা শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন।
বিবিসি জানিয়েছে, ইউক্রেনে প্রবল শীতে এ পর্যন্ত ৪৩ জনের মৃত্যু হয়েছে। এদের অধিকাংশই গৃহহীন।
এ ছাড়াও পোল্যান্ড, রোমানিয়া, বুলগেরিয়াসহ আরো বেশ কয়েকটি দেশে শীতে মৃত্যুর খবর পাওয়া গেছে।
ওই দেশগুলোতে তাপমাত্রা সোমবার থেকে মাইনাস ২০ ডিগ্রি সেলিসিয়াসে নেমে এসেছে।
ইউক্রেনের স্বাস্থ্যকর্মকর্তারা জানিয়েছেন, প্রায় ২৪ হাজার মানুষের জরুরি আশ্রয় প্রয়োজন। গত তিন দিনে প্রায় দেড় হাজার আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।
প্রায় ৬শ’ মানুষকে ঠাণ্ডাজনিত সমস্যায় চিকিৎসা দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার ভারী তুষারপাতের আশঙ্কায় তারা আরো ১৫০টি আশ্রয়কেন্দ্র খোলার সিদ্ধান্ত নিয়েছে।
গত কয়েকদিনে পোল্যান্ডে প্রবল শীতে মৃতের সংখ্যা ২৪ জন এ গিয়ে দাঁড়িয়েছে। এ ছাড়া রোমানিয়ায় ১৪ জন এবং বুলগেরিয়ায় ৮ জন মারা গেছে।
তুষারঝড়ের কবলে পড়ে গাড়িতে আটকে যাওয়াদের উদ্ধারে রোমানিয়ায় সেনা নামানো হয়।
সার্বিয়ায় তীব্র শীতে এক নারীসহ আরো দুই ব্যক্তি মারা গেছেন। এ ছাড়াও লিথুনিয়া, বসনিয়া, স্লোভাকিয়া এবং চেক প্রজাতন্ত্রেও মৃতের খবর পাওয়া গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এলকিউ/২১৩৭ঘ.
bdnews24