ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউরোপীয় ইউনিয়ন নিজেদের পরিচয় দেয় ইউরোপের গণতান্ত্রিক দেশগুলোর একটি পরিবার হিসেবে, যার সদস্যরা শান্তি ও সমৃদ্ধির জন্য কাজ করার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ।
বাণিজ্য, পরিবেশ, পরিবহন ও কর্মসংস্থানসহ বিস্তৃত পরিসরে সদস্য দেশগুলোর মধ্যে পারস্পারিক সহযোগিতার বিষয়ে কাজ করে ইইউ।
২০০৪ সালের ১ মে ইউরোপীয় ইউনিয়নে নতুন ১০টি দেশ যোগ দেয় যেগুলোর বেশিরভাগই সাবেক কমিউনিস্ট রাষ্ট্র। তখন চেক প্রজাতন্ত্র, সাইপ্রাস, এস্তোনিয়া, হাঙ্গেরি, লাটভিয়া, লিথুনিয়া, মাল্টা, পোল্যান্ড, স্লোভাকিয়া ও স্লোভেনিয়া আঞ্চলিক এ সংস্থার সদস্য হয় যা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে দেখা দেয়া বিভাজন নিরসনে একটি বড় পদক্ষেপ।
অবশ্য লিসবন সংস্কার চুক্তির আগ পর্যন্ত বিস্তৃত ইইউকে মসৃনভাবে পরিচালনার জন্য একটি সংবিধান প্রণয়ন সম্ভব হয়নি। ২০০৯ সালের ডিসেম্বরে এটি কার্যকর হয়।
অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের ইতিহাস
দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো ধ্বংসযজ্ঞ ইউরোপে আর যেন নেমে না তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্পর্ক তোলার দিকে জোর দেন নেতারা।
ফরাসি রাজনীতিক জ্যঁ মনে ও রবার্ট শুম্যানকে ইউরোপীয় দেশগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার করার মূলনীতি তৈরির কারিগর ধরা হয়। প্রথমে তারা গুরুত্ব দেন অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের ওপর।
এই দর্শনের ওপর ভিত্তি করেই ১৯৫১ সালে প্যারিস চুক্তি সই হয়, যার মধ্য দিয়ে ইউরোপীয় কয়লা ও ইস্পাত কমিউনিটি (ইসিএসসি) প্রতিষ্ঠিত হয়। এতে একত্রিত হয় ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, বেলজিয়াম ও লুক্সেমবার্গ।
এরপর ১৯৫৮ সালে কার্যকর হওয়া রোম চুক্তির আওতায় এই ছয়টি দেশ ইসিএসসি-এর পাশাপাশি ইউরোপিয়ান ইকোনোমিক কমিউনিটি এবং ইউরোপিয়ান অ্যাটোমিক এনার্জি কমিউনিটি গড়ে তোলে।
১৯৬৭ সালে এই তিনটি সংস্থা একীভূত হয়ে ইউরোপিয়ান কমিউনিটিজ (ইসি) নামে পরিচিত হয়, যা সদস্য দেশগুলোর মধ্যে অর্থনীতি ও কৃষি বিষয়ে সহযোগিতার ওপর যোগ দেয়।
এরপর ১৯৭৩ সালে এ সংস্থায় পূর্ণ সদস্যপদ পায় যুক্তরাজ্য, ডেনমার্ক ও আয়ারল্যান্ড। এরপর ১৯৮১ সালে গ্রিস, ১৯৮৬ সালে পর্তুগাল ও স্পেন এবং ১৯৯৫ সালে অস্ট্রিয়া, ফিনল্যান্ড ও সুইডেন এতে যোগ দেয়।
ম্যাসট্রিক্ট থেকে নতুন পথচলা
১৯৯১ সালে নেদারল্যান্ডসের ম্যাসট্রিক্টে একটি চুক্তি সইয়ের মধ্য দিয়ে ইউরোপিয়ান কমিউনিটিজ থেকে ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়। একই সঙ্গে বাড়ে জোটের কার্যপরিধি। একটি অভিন্ন পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি প্রণয়নের পাশাপাশি শরণার্থীদের আশ্রয়, অভিবাসন, মাদক ও সন্ত্রাসবাদ বিষয়ে একটি সমন্বিত নীতির দিকে এগিয়ে যায় দেশগুলো।
ইইউ নাগরিকত্বের বিষয়টিও প্রথমবারের মতো তোলা হয় যার মাধ্যমে সদস্য দেশগুলোর নাগরিকরা ইচ্ছেমতো জোটভুক্ত অন্য যে কোনো দেশে ভ্রমণ করতে পারেন।
ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে অভিন্ন মুদ্রা চালুর লক্ষ্যে ১৯৯৯ সালে ১১টি দেশে ইউরো চালু করা হয়। দুই বছর পর এই মুদ্রা চালু করে গ্রিস। এ মুদ্রা চালু না করার সিদ্ধান্ত নেয় যুক্তরাজ্য, ডেনমার্ক ও সুইডেন।
ইইউভুক্ত কয়েকটি দেশ ঋণগ্রস্ত হয়ে পড়ায় ২০০৯ সালে এ অঞ্চলে একটি বড় ধরনের অর্থনৈতিক বিপর্যয় দেখা দেয় যা থেকে এখনও বেরিয়ে আসতে পারেনি তারা।
বর্তমানে ইউরোপের ২৭টি দেশ ইইউর ছাতার নিচে রয়েছে। আগামী বছরের মাঝামাঝি নাগাদ ক্রোয়েশিয়া এ জোটের সদস্যপদ পাবে বলে ধারনা করা হয়। জোটে যোগ দিতে ২০০৯ সালে আনুষ্ঠানিকভাবে আবেদন জানিয়েছে সার্বিয়া। আর ২০০৫ সাল থেকেই তুরস্ককে এ জোটে নেয়া নিয়ে আলোচনা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এসইউ/১৯২৭ ঘ.
bdnews24