ড্যানভিল, কেনটাকি, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রে নির্বাচনের আগে প্রেসিডেন্ট পদপ্রার্থীদের প্রথম টেলিভিশন বিতর্কে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী মিট রমনির আক্রমণের মুখে প্রেসিডেন্ট বারাক ওবামা শান্ত থাকলেও ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থীদের প্রথম বিতর্কে দেখা গেছে এর উল্টো চিত্র।
বৃহস্পতিবার রাতের এ বিতর্কে ওবামার ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন পুরোপুরি আক্রমণ করে বক্তব্য রাখেন প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী পল রায়ানকে।
বাইডেনের আগ্রাসী তর্কের মুখে অপেক্ষাকৃত শান্তই ছিলেন রায়ান। ওবামা প্রশাসনের অর্থনৈতিক ও পররাষ্ট্রনীতির পক্ষ নিয়ে তুমুল যুক্তিতর্কে রিপাবলিকান পল রায়ানের অভিযোগের পাল্টা উত্তর দেন বাইডেন।
৬ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে কেনটাকির ড্যানভিলে দুই ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থীর এ একমাত্র বিতর্ক অনুষ্ঠিত হয়।
গত সপ্তাহে প্রেসিডেন্ট পদপ্রার্থীদের প্রথম বিতর্কে বারাক ওবামার শিষ্টতায় জয়ী রমনি পরবর্তীতে জনপ্রিয়তায় বেশ এগিয়ে যান। তাই ডেমোক্র্যাটদের লড়াইয়ের মাঠে ফিরিয়ে আনার দিকেই মনোনিবেশ করেছিলেন ৬৯ বছর বয়সী বাইডেন।
তবে বিতর্কে উইসকনসিনের গভর্নর ও ৪২ বছর বয়সী তরুণ রিপাবলিকান পল রায়ান কিছুটা শান্ত থাকলেও যুক্তি দেখিয়েছেন সমানতালে। বিতর্কের সময় মাঝেমধ্যেই একে অপরকে থামিয়ে কথা বলেন দুই প্রার্থী। এমনকি একইসঙ্গে কথা বলতে থাকেন, আবার মাঝে মাছে পরস্পরের দিকে অবিশ্বাসের দৃষ্টিতে দীর্ঘক্ষণ তাকিয়েও থাকেন তারা।
রায়ান হোয়াইট হাউজের বিরুদ্ধে বিশ্বে যুক্তরাষ্ট্রের দুর্বল ভাবমূর্তি তুলে ধরার অভিযোগ করলে বাইডেন বলেন, ‘যথাযোগ্য সম্মানের সঙ্গে বলছি, এগুলো একগুচ্ছ অর্থহীন কথাবার্তা।’
বেশিরভাগ সময়ই বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার সময় পল রায়ানের দিকে তাকিয়ে কটাক্ষপূর্ণ ভঙ্গিতে হাসতে দেখা যায় বাইডেনকে। তবে বিতর্কের বেশিরভাগ সময় পূর্ণদ্যমে লড়ে যান বাইডেন।
কেনটাকির এ বিতর্কের পরে বিভিন্ন জনমত জরিপে বিপরীতমুখী প্রবণতা দেখা গেছে। অনির্ধারিত ভোটারদের ওপর সিবিএস নিউজের চালানো জরিপে দেখা যায়, ৫০ শতাংশ ভোটার মনে করছেন বাইডেন জিতবেন। ৩১ শতাংশ মনে করছেন পল রায়ান জিতবেন।
তবে সিএনএন’র জনমত জরিপে রায়ানের প্রতি জনসমর্থন আছে ৪৮ শতাংশ এবং বাইডেনের প্রতি ৪৪ শতাংশ।
তুমুল বিতর্কের পরে রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলের সমর্থকের সংখ্যা বেড়েছে, তবে বাইডেনের কটাক্ষপূর্ণ আচরণ ও মন্তব্য তার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকদের কেউ কেউ।
বিতর্কের শুরুতেই লিবিয়ায় দূতাবাসে হামলায় রাষ্ট্রদূত নিহতের ঘটনায় প্রাথমিক পর্যায়ে ওবামা প্রশাসনের ভুল তথ্য দেয়ার বিষয়টি উঠে আসে।
এ ঘটনার পরে রমনির তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করার সমালোচনা করেন বাইডেন। কিন্তু প্রাথমিক পর্যায়ে তথ্য পেয়েও দূতাবাসের হামলার ঘটনায় জঙ্গি সংশ্লিষ্টতার কথা স্বীকার না করায় ওবামা প্রশাসনের সমালোচনা করেন রায়ান।
সাধারণ আমেরিকানদের জন্য ওবামার স্বাস্থ্যসেবা পরিকল্পনার বিরোধিতা করেন পল রায়ান। ওদিকে, রমনির আয়কর কমানোর পরিকল্পনার সমালোচনা করেন বাইডেন।
ওবামার আমলে যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার বেড়েছে বলে অভিযোগ করেন রায়ান। তবে এর উত্তরে বাইডেন বলেন, সম্ভবত গত মাসে এ বিষয়ে প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদনটি পড়া নেই রায়ানের।
গত সপ্তাহে শ্রমদপ্তরের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার চার বছরের মধ্যে সর্বনিুে পৌঁছে ৭ দশমিক ৮ শতাংশে দাঁড়িয়েছে।
রমনি-রায়ানের পররাষ্ট্র নীতিতে আন্তর্জাতিক অভিজ্ঞতার অভাব রয়েছে বলে মন্তব্য করেন বাইডেন। বিদেশে কূটনৈতক মিশনগুলোতে নিরাপত্তাজনিত ভুল খুঁজে বের করে ওবামা প্রশাসন সেগুলো সংশোধন করবে বলে প্রতিশ্রুতি দেন তিনি।
মিট রমনির ‘৪৭ শতাংশ’ আমেরিকান বিষয়ক ভিডিওটির প্রসঙ্গে আত্মপক্ষ সমর্থন করে রিপাবলিকান পল রায়ান বলেন, এটি ভুল ছিলো, তবে এটাও বুঝতে হবে যে ‘সব কথা সবসময় নিখুঁতভাবে বলা যায় না’।
গত ৩ অক্টোবর ডেনভারে ওবামা-রমনির প্রথম বিতর্কের পর প্রথমবারের মতো জনসমর্থনে ওবামকে টপকে যান রমনি। বৃহস্পতিবার রয়টার্স/ইপসোস যৌথ জরিপে রমনির প্রতি জনসমর্থন ছিলো ৪৭ শতাংশ এবং ওবামার প্রতি ছিলো ৪৪ শতাংশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৯১০ঘ.
bdnews24