২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘কীভাবে নোবেল পেলেন চীনের মো ইয়েন?’

জাপানের সাহিত্যিক হারুকি মুরাকামিকে নিয়ে আলোচনার মধ্যেই বৃহস্পতিবার যখন চীনা লেখক মো ইয়েনের নোবেল জয়ের খবর আসে, তখন পুরো বিশ্বের মতো প্রশ্নমাখা বিস্ময়ের ধাক্কা লাগে খোদ চীনেও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2012, 07:51 AM

Updated : 24 Aug 2022, 12:19 PM

ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাপানের সাহিত্যিক হারুকি মুরাকামিকে নিয়ে আলোচনার মধ্যেই বৃহস্পতিবার যখন চীনা লেখক মো ইয়েনের নোবেল জয়ের খবর আসে, তখন পুরো বিশ্বের মতো প্রশ্নমাখা বিস্ময়ের ধাক্কা লাগে খোদ চীনেও। ‘গুড আর্থ’-এর লেখিকা পার্ল এস বাক চীনা বংশোদ্ভূত হলেও জন্মসূত্রে তিনি মার্কিন নাগরিক। আর ‘সোল মাউন্টেন’-এর লেখক গাও ঝিংজিয়ান দেশান্তরি হয়ে গ্রহণ করেছেন ফ্রান্সের নাগরিকত্ব। এ কারণে বলা হচ্ছে, মো ইয়েনই হলেন প্রথম চীনা সাহিত্যিক, যিনি সুইডিশ অ্যাকডেমির স্বীকৃতি পেলেন। নোবেল পুরস্কারকে বিশ্ব সাহিত্যের আসরে সবচেয়ে মর্যাদাকর সম্মাননা হিসাবে বিবেচনা করা হলেও গত শতকে বিশ্বের প্রধান দুই পরাশক্তির মধ্যে ¯œায়ুযুদ্ধের দিনগুলো থেকে ‘রাজনৈতিক বিবেচনায়’ নোবেল দেয়ার অভিযোগ এসেছে বহুবার। বিশেষ করে শান্তি ও সাহিত্যে যখনই কোনো ভিন্ন মতাবলম্বী নোবেল পেয়েছেন, প্রশংসার পাশাপাশি সেই প্রশ্নও উঠে এসেছে গণমাধ্যমে। এ বিবেচনায় মো ইয়েনকে ভিন্ন মতাবলম্বী বলার কোনো উপায় নেই। চীনা কমিউনিস্ট পার্টির এই সদস্য সেদেশের সরকারি রাইটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি! ২০১০-এ যখন চীনের মানবাধিকার কর্মী লিউ জিয়াওবোকে নোবেল দেয়া হলো এবং চীন সরকার তার প্রতিবাদ করে তাকে বন্দি করে রাখারই সিদ্ধান্ত নিল- মো ইয়েন তখন ছিলেন ‘পুরোপুরি নিশ্চুপ’। এমনই এক সাহিত্যিক কীভাবে নোবেল কমিটির চূড়ান্ত সম্মতি পেলেন তা নিয়ে প্রশ্ন জেগেছে চীনাদের মনেও। সে দেশের সরকার নিয়ন্ত্রিত বার্তা সংস্থা সিনহুয়ার এক শিরোনামেই এসেছে- “কীভাবে প্রথম চীনা হিসাবে সাহিত্যে নোবেল জিতলেন মো ইয়েন?” সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, সুইডিশ অ্যাকাডেমি মো’র নাম ঘোষণার আধা ঘণ্টার মধ্যে বেইজিংয়ের বইয়ের দোকানগুলো থেকে তার ‘সব বই’ বিক্রি হয়ে যায়। এক চীনা পাঠক অনলাইনে তার স্ট্যাটাসে আক্ষেপ করেছেন, তার দেশের একজন লেখক নোবেল পেল, অথচ তিনি তার কোনো লেখা আগে পড়েননি। “চীনের সবচেয়ে সম্মানজনক সাহিত্য পুরস্কারটি একবার পেলেও মো এ দেশের সবচেয়ে জনপ্রিয় ঔপন্যাসিক নন। বইয়ের কাটতি বা পরিচিতি- কোনোভাবেই তা বলা যাবে না”, বলা হয়েছে সিনহুয়ার প্রতিবেদনে। নোবেল ঘোষণার আগে গণমাধ্যমে আলোচনায় থাকা জাপানি লেখক হারুকি মুরাকামি যে মো’র চেয়ে বেশি পরিচিত ও জনপ্রিয় লেখক- সে কথাও স্বীকার করা করেছে এই চীনা বার্তা সংস্থা। মো ইয়েনের নোবেল জয় নিয়ে প্রশ্ন এসেছে পশ্চিম থেকেও, অবশ্য তার সুর স্বাভাবিকভাবেই চীনের মতো নয়। টাইম ম্যাগাজিনের এক নিবন্ধে বলা হয়েছে, এই চীনা সাহিত্যিকের বিরুদ্ধে কৌশলে সরকারের বিরুদ্ধে কথা বলার এবং একইসঙ্গে পার্টির খুবই ঘনিষ্ট অবস্থানে থাকার অভিযোগ রয়েছে। “ইজ হি পলিটিক্যালি কারেক্ট”, শিরোনামে প্রশ্ন রেখেছে টাইম। মো’র নোবেল জয়ের খবর দেওয়ার সময় জিয়াওবোকে নিয়ে চীন সরকারের উষ্মার কথা মনে করিয়ে দিতে ভোলেনি নিউ ইয়র্ক টাইমস। যুক্তরাষ্ট্রের এই প্রভাবশালী পত্রিকার শিরোনামেই বলা হয়েছে, “২০১০ সালের শান্তি পুরস্কার নিয়ে রোষের পর নোবেলকে বরণ করে নিল চীন।” মো ইয়েনের স্তুতিতে নোবেল কমিটি বলেছে, লেখনীতে তিনি চীনের লোককাহিনী, ইতিহাস এবং সমকালের মিশেল ঘটিয়েছেন এমনই এক ভ্রমের জালে বুনে, যাকে বলা যায় ‘হ্যালুসিনেটোরি রিয়েলিজম’। ‘মো ইয়েন’ ছদ্মনামে পরিচিতি পাওয়া এ সাহিত্যিকের বামা-মায়ের দেয়া নাম গুয়ান মোয়ি। মো ইয়েন নামের অর্থ দাঁড়ায় অনেকটা ‘চুপ থাকো’ বা ‘কথা বলো না’। হংকংয়ের ওপেন ইউনিভার্সিটিতে এক বক্তৃতায় ইয়েন জানান, খোলামেলা আলাপচারিতা ও কথাবার্তার বিষয়টি চীনের মূল ভূখণ্ডে খুব একটা ভাল চোখে দেখা হয় না। এ কারণে নিজেকে ‘চুপচাপ থাকার’ বিষয়টি মনে করিয়ে দিতেই প্রথম উপন্যাস লেখার সময় এ ছদ্মনামটি বেছে নেন তিনি। ১৯৫৫ সালে উত্তর-পূর্ব চীনের শাংডং প্রদেশের গাওমিতে এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন ইয়েন। তার শৈশব-কৈশোরও কেটেছে জন্মস্থানেই। মাও সে-তুঙের নেতৃত্বে চীনের সাংস্কৃতিক বিপ্লবের সময় মাত্র ১২ বছর বয়সে স্কুলের পড়ালেখার পাট চুকে যায় ইয়েনের। পরিবারের প্রয়োজনে প্রথমে ক্ষেত-খামারের কাজে এবং পরে একটি কারখানায় কাজে লেগে যান তিনি। ১৯৭৬ সালে চীনের পিপলস লিবারেশন আর্মিতে যোগ দেন ইয়েন। সেখানেই সাহিত্যপাঠ এবং লেখালেখি শুরু হয় তার। ১৯৮৭ সালে প্রকাশিত ‘হং গাওলিয়াং জিয়াজু’ উপন্যাসের জন্যই বিপুল পরিচিতি লাভ করেন ইয়েন। ১৯৯৩ সালে এর ইংরেজি অনুবাদ প্রকাশিত হয় ‘রেড শোরঘুম’ নামে। এ বইয়ের কাহিনী নিয়ে চলচ্চিত্রও হয়েছে। মো’র আরো অনেক বইয়ের সঙ্গে রেড শোরঘুম উপন্যাসটিও ইংরেজিতে তর্জমা করেছেন মার্কিন অধ্যাপক হাওয়ার্ড গোল্ডব্ল্যাট। তার মতে, নোবেল জয়ের শক্তিকে কাজে লাগিয়ে চীনে মুক্ত মতের পক্ষে কথা বলার এক দারুণ সুযোগ এসেছে মো’র সামনে। তবে খুব সম্ভবত নিজের লেখালেখিতে মাথা গুঁজে থেকে ‘রাজনীতিকে’ এড়িয়েই যাবেন এই চীনা সাহিত্যিক। বার্তা সংস্থা রয়টার্সকে গোল্ডব্ল্যাটস বলেন, “মো চাইলে আসলেই এখন নিজের দেশে বড় ধরনের পার্থক্য গড়ে দিতে পারেন। কিন্তু সত্যি বলতে কি, আমার মনে হয়, মো হলেন সেই জাতের লেখক, যারা এসব ঝামেলায় জড়াতে চান না।” “তিনি শুধু লেখা চালিয়ে যেতে চাইবেন। তাকে যে সীমা বেঁধে দেওয়া হয়েছে তার মধ্যে থেকেই নিজের প্রয়োজনগুলো নিয়ে তিনি লিখে যাবেন।” তবে দলসংশ্লিষ্টতার কারণে মো সারাজীবন লেজুড়বৃত্তি করে গেছেন- এমন সমালোচনাও মানতে রাজি নন এই অনুবাদক। চীনা প্রশাসকদের ‘অন্যায় আচরণ’ এবং সরকরের এক সন্তান নীতির কুফল নিয়ে লেখার কারণে মো’র ‘দি গার্লিক ব্যাালাডস’ ও বিগ ব্রেস্টস অ্যান্ড ওয়াইড হিপস’ যে নিষিদ্ধ হয়েছিল- তাও মনে করিয়ে দিয়েছেন গোল্ডব্ল্যাটস। “মো হচ্ছেন সেই অল্প কয়েকজন চীনা লেখকের একজন, যারা গাও ঝিংজিয়ানের নোবেলপ্রাপ্তিকে স্বাগত জানিয়েছিলেন। আমি বলব, ভিন্ন মতাবলম্বীদের তিনি পছন্দই করেন। তবে তাদের মতো হয়তো নির্বাসিত হয়ে বিদেশে পড়ে থাকতে চান না।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/এইচএএইচ/১৩৪৫ ঘ.