বৈরুত, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গত সপ্তাহে ইসরায়েলের আকাশ থেকে ভূপাতিত চালক বিহীন বিমানটি (ড্রোন) ইহুদিবিরোধী লেবাননের শিয়া রাজনৈতিক দল হিজবুল্লাহ পাঠিয়েছে বলে দাবি করেছেন দলটির শীর্ষ নেতা শেখ হাসান নাসরাল্লাহ।
বৃহস্পতিবার হিজবুল্লার আল মানার টেলিভিশনে নাসরাল্লাহ এ দাবি করেছেন।
তিনি আরো দাবি করেন, ইরানে তৈরি ড্রোনটি ইসরায়েলের ‘স্পর্শকাতর স্থাপনাগুলোর’ ওপর দিয়ে উড়ে গেছে।
এদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও প্রথমবারের মতো ইসরায়েলে ড্রোন পাঠানোর জন্য হিজবুল্লাহকে দায়ী করেছেন।
গত সপ্তাহে ভূমধ্যসাগরের দিক থেকে ড্রোনটি ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করে। এরপর থেকেই চালকবিহীন বিমানটিকে (ড্রোন) অনুসরণ করতে থাকে ইসরায়েলি বিমানবাহিনীর দু’টি জঙ্গি বিমান। ইসরায়েলের ভিতরে প্রায় ৩৫ কিলোমিটার দূরত্ব অতিক্রমের পর জনবসতিহীন একটি এলাকায় ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করে তারা।
নাসরাল্লাহ বলেন, “লেবানন থেকে একটি সংবেদনশীল গোয়েন্দা বিমান পাঠানো হয়েছিল। ভূমধ্যসাগরের ওপর দিয়ে কয়েকশ’ কিলোমিটার ওড়ার পর এটি অধিকৃত ফিলিস্তিন ও শত্রু এলাকার সীমান্ত অতিক্রম করে।”
সংবাদদাতারা জানান, নাসরাল্লাহ ইসরায়েলের ‘স্পর্শকাতর’ স্থাপনা বলতে খুব সম্ভবত ইসরায়েলের ডিমোনা পরমাণু চুল্লির প্রতি ইঙ্গিত করেছেন।
“লেবানন ও এই অঞ্চলের প্রতিরোধ আন্দোলনের ইতিহাসে এই প্রথম আকাশ পথে এ ধরনের সক্ষমতা অর্জনের উদাহরন স্থাপিত হল,” বলেন তিনি।
“এটিই প্রথম না আর এটি শেষও না। শত্রুদেশের (ইসরায়েল) যে কোনো এলাকায় পৌঁছানোর সক্ষমতা আমাদের আছে,” বলেন নাসরাল্লাহ।
ড্রোনটি ইরানে তৈরি করা হলেও সংযোজন করা হয়েছে লেবাননে, জানান তিনি।
নাসরাল্লাহর এ বক্তব্য ইরান থেকে হিজবুল্লাহ’র সামরিক সহায়তা পাওয়ার বিরল স্বীকারোক্তি বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
এদিকে, বৃহস্পতিবার ইসরায়েলের মিশর সীমান্ত পরিদর্শনকালে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, “গত সপ্তাহে আমরা হিজবুল্লাহর একটি আক্রমণ প্রচেষ্টা প্রতিহত করেছি। যে কোনো ধরনের হুমকি মোকাবিলায় আমরা আমাদের আক্রমণাত্মক অবস্থান বজায় রাখবো।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১২০০ ঘ.
bdnews24