২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্ক-রাশিয়া উত্তেজনা বাড়ছে

মস্কো থেকে অস্ত্র বহনের সন্দেহে আঙ্কারায় সিরিয়ার যাত্রীবাহী বিমান অবতরণ করানোর ঘটনা নিয়ে তুরস্কের সঙ্গে রাশিয়ার উত্তেজনা বাড়ছে। তুরস্ক রুশদের জীবন ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে বলে বৃহস্পতিবার অভিযোগ করেছে রাশিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2012, 02:51 PM

Updated : 24 Aug 2022, 12:18 PM

ইস্তাম্বুল, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মস্কো থেকে অস্ত্র বহনের সন্দেহে আঙ্কারায় সিরিয়ার যাত্রীবাহী বিমান অবতরণ করানোর ঘটনা নিয়ে তুরস্কের সঙ্গে রাশিয়ার উত্তেজনা বাড়ছে। তুরস্ক রুশদের জীবন ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে বলে বৃহস্পতিবার অভিযোগ করেছে রাশিয়া। ওই বিমানে রাশিয়া থেকে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের কাছে সামরিক সরঞ্জাম পাঠানোর সন্দেহে বুধবার বিমানটি আটক করে পড়ে ছেড়ে দেয় তুরস্ক। বিমানটিকে আটক করা আইনের লঙ্ঘন বলে জানিয়েছে দামেস্ক। এ-৩২০ বিমানটিতে ‘সামরিক সরঞ্জাম’ নেয়া হচ্ছে বলে গোয়েন্দা সূত্রে খবর পাওয়ার পর তুরস্কের যুদ্ধ বিমান ওই বিমানটিকে আঙ্কারা বিমানবন্দরে অবতরণে বাধ্য করে। বিমানটি মস্কো থেকে প্রায় ৩০ জন যাত্রী নিয়ে সিরিয়া যাচ্ছিল। রাশিয়া ক্ষুব্ধ হয়ে তুরস্কের কাছে এ ঘটনার ব্যাখ্যা দাবি করেছে। সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে ১৮ মাস ধরে চলা সহিংস বিক্ষোভের সময়টিতে রাশিয়া আসাদ সরকারের পাশে দাঁড়িয়েছে। সিরিয়া সঙ্কটে প্রতিবেশী দেশ তুরস্কের সঙ্গেও তাদের বিরোধ দেখা দিয়েছে। তুর্কির জেনারেল হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তুর্কি সীমান্তে যদি আরো সিরিয়ান গোলা আঘাত হানে তবে আরো কঠোর পদক্ষেপ নিবে আনকারা। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, “বিমান আরোহীদের জীবন ও নিরাপত্তা ঝুঁকির মুখে ঠেলে দেয়া হচ্ছে।” রাশিয়ার অস্ত্র রপ্তানিকারক সংস্থা দেশটির বেসরকারি বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে জানিয়েছে, বিমানটি কোন রাশিয়ান অস্ত্র বা সামরিক সরঞ্জাম বহন করছিল না। তবে বিমানটিতে অবৈধ মালামাল ছিল বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আহমেত দাভুতগলু। তিনি জানান, বিমানটিকে ছেড়ে দেয়ার আগে এটি থেকে ‘আপত্তিকর’ রসদ জব্দ করা হয়েছে। তবে কয়েকঘণ্টার তল্লাশিতে কোন অস্ত্র পাওয়া গেছে কিনা সে সম্পর্কে সুনির্দিষ্ট কিছু বলেননি তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৩৬ঘ.