ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানুষ এবং গানের পাখিদের মতো ইঁদুরও গান শিখতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের একদল গবেষক।
শব্দ কানে শুনে গান শেখার ক্ষমতা ইঁদুরের আছে বলেই মনে করছেন গবেষকরা। তারা বলছেন, গান গাওয়া পাখি এবং মানুষের মতো ইঁদুরও মস্তিষ্ক এবং আচরণগত কিছু বৈশিষ্ট্যের কারণে কণ্ঠস্বর আয়ত্ব করতে সক্ষম।
‘প্লস ওয়ান’ জার্নালে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে এসেছে বলে বৃহস্পতিবার জানিয়েছে বিবিসি। গবেষকরা আরো জানান, একসঙ্গে রাখা পুরুষ ইঁদুররা পরস্পরের সঙ্গে সুর মিলিয়ে গান শিখে নিতে পারে।
তবে গবেষণার এ ফল নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিজ্ঞানীদের কেউ কেউ।
ইঁদুর নিয়ে এর আগের এক গবেষণায় দেখা গেছে, নারী ইঁদুরের সংস্পর্শে আসলে তাদের আকৃষ্ট করতে জটিল সুরের গানও গাইতে পারে পুরুষ ইঁদুররা।
তাছাড়া, মানুষের চেয়ে ইঁদুরের শব্দ শুনতে পাওয়ার ক্ষমতা অনেক বেশি। আর মানুষ ইঁদুরের আওয়াজ শোনার চেষ্টা করলে তা অনেকটা শিস-ধ্বনিতে বিলাপের মতোই শোনায়।
তোতাপাখি, গানেরপাখি, ডলফিন, তিমি এবং হাতির মতো গুটিকয়েক প্রাণীর কণ্ঠস্বর আয়ত্ব করার সক্ষমতা আছে; ইঁদুরের তা নেই- এমন ধারণা দীর্ঘদিনের।
কিন্তু নতুন গবেষণায় তা ভুল প্রমাণ করে নর্থ ক্যারোলাইনার ডিউক বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, মস্তিস্কের সার্কিট এবং আচরণগত কিছু বৈশিষ্ট্যের কারণে ইঁদুরেরও এ সক্ষমতা আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/২০০০ঘ.
bdnews24