ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব অর্থনৈতিক সঙ্কটে উদীয়মান অর্থনীতির দেশগুলোর প্রবৃদ্ধি ব্যহত হতে শুরু করেছে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান ক্রিস্টিন লগার্ড।
বিশ্বে অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে নীতি নির্ধারকরা অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর পদক্ষেপ নিতে হিমশিম খাচ্ছে বলে জানান তিনি।
এর আগে এ সপ্তাহের শুরুতেই আরেক সতর্কবার্তায় আইএমএফ জানিয়েছিল, বিশ্বে অর্থনৈতিক পুনরুদ্ধারের গতি ধীর হয়ে পড়েছে। এরপর আবারো বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে সতর্ক করল আইএমএফ।
চলমান অর্থনৈতিক সঙ্কটের কারণে বিশ্বে অর্থনৈতিক উন্নয়নের পূর্বাভাসের মাত্রাও কমিয়েছে আইএমএফ।
এছাড়া, বিশ্বে অর্থনৈতিক সঙ্কটের প্রসঙ্গ টেনে বিশ্ব ব্যাংকও ভারত ও চীনসহ এশিয়ার প্রভাবশালী অর্থনীতির দেশগুলো নিয়ে তাদের পূর্বঘোষিত প্রত্যাশা কমিয়েছে।
টোকিয়োতে এক সংবাদ সম্মেলনে লগার্ড বলেছেন, “আপনি ইউরোপ, যুক্তরাষ্ট্র বা যেদিকেই তাকান না কেন সব জায়গায় একটা অনিশ্চয়তা বিনিয়োগকারীদের সিদ্ধান্তহীনতায় ফেলছে।”
“অনিশ্চয়তার এ ঘেরাটোপ দূর করতে আমাদের পদক্ষেপ নেয়া উচিত” বলে মন্তব্য করেছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮৪৮ঘ.
bdnews24