জেরুজালেম, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইসরায়েলে আগামী বছরের শুরুতে অনুষ্ঠেয় আগাম নির্বাচনে সহজেই জয় পাবেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আর তার জোট সরকারও এখনকার চেয়ে হতে পারে আরো বড়। এমন আভাসই পাওয়া যাচ্ছে জরিপে।
বৃহস্পতিবার মারিভ পত্রিকা পরিচালিত জরিপে দেখা গেছে, পার্লামেন্টে নেতানিয়াহুর ডানপন্থি লিকুদ পার্টির এখনকার ২৭ আসনের চেয়ে বেশি ২৯ আসন পাওয়া সম্ভাবনা আছে। আর লিকুদের দুই ঘোর প্রতিদ্বন্দ্বী মধ্যবাম লেবার পার্টি এবং নতুন আরেকটি দল পেতে পারে ১৭ আসন।
তাছাড়া, বর্তমানের ৬৬ আসনের চেয়ে বেশি ৬৮ আসন নিয়ে আরো বড় জোট সরকারও হতে পারে নেতানিয়াহুর। এমনই আভাস পাওয়া গেছে হারেজ পত্রিকার জরিপে।
ইসরায়েলে গত বুধবার আগাম নির্বাচনের ঘোষণা দেন নেতানিয়াহু। নির্বাচনের নির্ধারিত সময় ছিল আগামী বছরের অক্টোবরে। কিন্তু তা এগিয়ে এনে যত তাড়াতাড়ি সম্ভব আগামী বছর জানুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠান করতে চান নেতানিয়াহু।
ইরানে কয়েক মাসের মাসের মধ্যেই হামলা চালানোর ইঙ্গিত দেয়ার পর নিজের রাজনৈতিক অবস্থান সুদৃঢ় করতেই নেতানিয়াহু এ পদক্ষেপ নিয়েছেন বলে মনে করা হচ্ছে।
টেলিভিশনে এক ভাষণে নেতানিয়াহু বলেন, ২০১৩ সালের বাজেট সংকোচনের প্রস্তাবে তার জোট সরকারের অন্যান্য সদস্যদের সঙ্গে মতবিরোধের কারণেই আগাম নির্বাচন ঘোষণা করা হয়েছে।
তিনি জানান, খুব শিগগিরই পার্লামেন্ট ভেঙে দিয়ে নির্বাচনের তারিখ জানানো হবে। নতুন সরকার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি নিজেই প্রশাসনের কাজে নেতৃত্ব দেবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৮০৫ঘ.
bdnews24