সানা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইয়েমেনের রাজধানী সানায় মুখোশ পরা বন্দুকধারীদের গুলিতে মার্কিন দূতাবাসের এক ইয়েমেনি কর্মী নিহত হয়েছে বলে জানিয়েছে এক নিরাপত্তা সূত্র।
বৃহস্পতিবার সকালে কাজে যাওয়ার পথে রাজধানীর কেন্দ্রস্থলে তাকে হত্যা করা হয়।
হামলাকারীরা মটরসাইকেলে করে এসে ওই কর্মীর উপর গুলি চালিয়ে পালিয়ে যায়। নিহত কাসেম আকলান দূতাবাসের নিরাপত্তারক্ষী দলের প্রধান ছিলেন।
ইয়েমেনে আল কায়েদার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান লড়াইয়ের মধ্যে এটি বন্দুকধারীদের সর্বসা¤প্রতিক হামলার ঘটনা।
আগেও একই ধরনের হামলা হওয়ায় এটিও আল-কায়েদা জঙ্গিদের কাজ বলে মনে করা হচ্ছে।
গতবছর ইয়েমেনে প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহর বিরুদ্ধে বিদ্রোহের শুরু এবং ফেব্রুয়ারিতে তার পতনের সময় থেকেই আরব উপদ্বীপের দেশগুলোতে অবস্থান শক্তিশালী করার চেষ্টা চালাচ্ছে ইয়েমেনভিত্তিক আল-কায়েদা ও অন্যান্য জঙ্গি সংগঠন।
এ বছরের শুরুতে ইয়েমেনের দক্ষিণাঞ্চলের বিভিন্ন শহর থেকে ইসলামি যোদ্ধাদের বিতাড়িত করার পর থেকে দেশটির নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তা ও রাজনীতিবিদদের ওপর প্রায়ই হামলা চালিয়ে আসছে তারা।
আল-কায়েদার তৎপরতা বেড়ে যাওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র ইয়েমেনের প্রেসিডেন্ট আবু-রাব্বু মানসুর হাদির সম্মতি সাপেক্ষে জঙ্গিদের বিভিন্ন অবস্থানে ড্রোন হামলা জোরদার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৬৪৫ঘ.
bdnews24