কারাকাস, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নতুন ভাইস প্রেসিডেন্ট হিসেবে সাবেক পররাষ্ট্রমন্ত্রী নিকোলাস মাদুরোর নাম ঘোষণা করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ।
গত রোববার প্রেসিডেন্ট নির্বাচনে সহজ জয়ের পরে বুধবার নতুন মন্ত্রিসভা ঘোষণা করেন শাভেজ।
৪৯ বছর বয়সী মাদুরোওকে ইলিয়াস জাউয়ার স্থলাভিষক্ত করা হয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত মিরান্ডা প্রদেশের গভর্নর হেনরিকে কাপ্রিলেসের বিরুদ্ধে গর্ভনর নির্বাচনে লড়বেন জাউয়া।
২০০৬ সাল থেকে ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন সাবেক বাসচালক ইউনিয়নের নেতা মাদুরো। শ্যাভেজের উত্তরসূরি হিসেবে যাদের নাম আলোচিত হয়ে আসছে তাদের মধ্যে মাদুরো রয়েছেন অনেকদিন ধরেই।
২০১১ সালের মাঝামাঝি সময় থেকে ক্যান্সারের চিকিৎসা চলতে থাকা শাভেজের সবচেয়ে সঙ্কটজনক সময়গুলোতে পাশে ছিলেন মাদুরো। শাভেজ পুনরায় অসুস্থ হয়ে পড়লে তার মেয়াদের বাকি সময়টা প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন মাদুরোই।
১৯৯৯ সাল থেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে আসছেন ৫৮ বছর বয়সী হুগো শাভেজ।
মাদুরোর নাম ঘোষণার সময় কৌতুক করে শাভেজ বলেন, ‘ভাইস প্রেসিডেন্টের জন্য আমি কারো নামই সুপারিশ করছি না। আমার সঙ্গে তাল মেলানো সহজ কাজ নয়।’
শাভেজের মন্ত্রিপরিষদের অন্য সদস্যদের তুলনা শ্রমিক পরিবার থেকে উঠে আসা সদালাপী মাদুরোর জনপ্রিয়তাই বেশি শ্যাভেজের সমর্থকদের কাছে। ২০০০ সালে পার্লামেন্টে সদস্য নির্বাচিত হন তিনি।
শ্যাভেজ বলেন, ‘তিনি একজন বাস চালক ছিলেন বলে বুর্জোয়াশ্রেণী তাকে নিয়ে মজা করতে পারে। তবে পুঁজিবাদের বিরুদ্ধে সমাজতান্ত্রিক সরকারের প্রতিনিধি হয়ে জনগণের অভিভাবকত্ব করবেন তিনি।’
শাভেজের মন্ত্রিসভায় আরো কিছু পরিবর্তন এসেছে। মন্ত্রিসভা ছেড়ে বিভিন্ন প্রদেশের গর্ভনর নির্বাচনে লড়তে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী তারেক এল আইস্সামি, প্রেসিডেন্ট কার্যালয়ের মন্ত্রী এরিকা ফারিয়াস এবং আদিবাসী নাগরিক বিষয়ক মন্ত্রী নিসিয়া মালদোনাদা। তবে তাদের পরিবর্তে কারা দায়িত্ব পালন করবেন তা জানানো হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএস/কিউএইচ/১৪৪৫ ঘ.
bdnews24