ওয়াশিংটন, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতায় পড়ে বেনগাজিতে মার্কিন দূতাবাসে নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছিলো বলে বুধবার মার্কিন কংগ্রেসে জানিয়েছেন সংশ্লিষ্ট নিরাপত্তা কর্মকর্তারা।
গত মাসে বেনগাজিতে দূতাবাসে হামলায় মার্কিন রাষ্ট্রদূতসহ আরো তিন কর্মকর্তা নিহতের ঘটনার বিস্তারিত প্রতিবেদন বুধবার কংগ্রেসে জমা দেয়া হয়। জমা দেয়ার পরে এ প্রতিবেদনের উপরে শুনানিও হয় কংগ্রেসে।
প্রথমদিনের শুনানিতে বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের নিরাপত্তার বিষয়টি ঘিরেই সব আলোচনা ও তর্কবিতর্ক হয়।
শুনানিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন জেষ্ঠ্য কর্মকর্তা বলেন, বেনগাজির মতো বিপদজনক এলাকাতে কূটনীতিকদের পাঠানো হলে সেখানে নিñিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকা উচিৎ।
লিবিয়ায় সাবেক আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা এরিক নর্ডস্ট্রম বলেন, গত ফেব্রুয়ারি মাস থেকেই নিরাপত্তা ব্যবস্থায় প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী এবং আরো লোকবল পাঠানোর অনুরোধ জানিয়ে আসছেন তিনি। তবে এতে কোনো সাড়া পাননি তিনি।
পররাষ্ট্র দপ্তরের দু’জন কর্মকর্তা নিরাপত্তা ব্যবস্থার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ার অভিযোগের প্রতিবাদ করলেও লিবিয়ায় প্রয়োজনীয় সামগ্রী না পাঠানোর অভিযোগের ব্যাপারে কোন মন্তব্য করেননি তারা।
কংগ্রেসে উপস্থাপিত প্রতিবেদনের উপর তর্কবিতর্ক ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলের দলীয় বির্তকে রূপ নেয়।
এ হামলার আগে নিরাপত্তা বিষয়ক তথ্য সরবরাহে পূর্ণ সহযোগিতা না করার জন্য ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনকে অভিযুক্ত করে রিপাবলিকানরা। এদিকে এ হামলার ঘটনার তদন্তে গঠিত কমিটিতে শুধু রিপাবলিকানদের নিয়ে একপেশে কমিটি গঠনের অভিযোগ আনে ডেমোক্র্যাটরা।
কূটনীতিক নিরাপত্তা ব্যুরোর কর্মকর্তা শার্লিন ল্যাম্ব বলেন, বেনগাজিতে দূতাবাস চত্বরে হামলাকারীদের সংখ্যা ও আগ্রাসী কার্যকলাপের তীব্রতা এতোটাই বেশি ছিলো যে তার বিরুদ্ধে কখনোই যথেষ্ঠ পরিমাণ অস্ত্র প্রস্তুত রাখা সম্ভব ছিলো না।
বেনগাজিতে সেসময় মজুদ থাকা নিরাপত্তা সামগ্রীর পূর্ণ তথ্য ইতিমধ্যে পাওয়া গেছে বলে জানান তিনি।
তবে প্রাথমিক পর্যায়ে ভুল তথ্য সরবরাহ করার বিষয়ে বারাক ওবামা প্রশাসনকে আক্রমণ অব্যাহত রাখে কংগ্রেসের রিপাবলিকান সদস্যরা। ৬ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডেমোক্র্যাট প্রার্থী বারাক ওবামার বিরুদ্ধে বেশ জোরালো ইস্যু হিসেবে এ প্রতিবেদনটি কাজে লাগাচ্ছে রিপাবলিকানরা।
ইসলামবিরোধী একটি চলচ্চিত্র মুক্তি দেয়ার প্রতিবাদে গত ১১ সেপ্টেম্বর মিশরের কায়রো ও লিবিয়ার বেনগাজিতে মার্কিন দূতাবাসে হামলার ঘটনা ঘটে। বেনগাজিতে হামলায় মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেনসসহ আরো তিন মার্কিন কর্মকর্তা নিহত হন।
এ হামলার কয়েক ঘণ্টার মধ্যেই এ ঘটনায় আল-কায়েদার জঙ্গিদের সংশ্লিষ্টতার খবর ওবামা প্রশাসন জেনে যায় বলে গত সপ্তাহে জানান যুক্তরাষ্ট্রের বিভিন্ন গোয়েন্দা সংস্থা কয়েকজন কর্মকর্তা।
তবে এ ঘটনার পরে প্রথম তিন সপ্তাহ একে ইসলামবিরোধী ভিডিও’র বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত বিক্ষোভ বলেই সব ধরনের বিবৃতিতে উল্লেখ করেছিল ওবামা প্রশাসন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/১৩৫০ ঘ.
bdnews24