২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কে সিরিয়ার যাত্রীবাহী বিমান আটক

মস্কো থেকে সামরিক সরঞ্জাম বহন করছে সন্দেহে বুধবার সিরিয়ার একটি যাত্রীবাহী বিমান আটক করেছে তুরস্ক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2012, 06:30 AM

Updated : 24 Aug 2022, 12:18 PM

ইস্তাম্বুল, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-মস্কো থেকে সামরিক সরঞ্জাম বহন করছে সন্দেহে বুধবার সিরিয়ার একটি যাত্রীবাহী বিমান আটক করেছে তুরস্ক। বুধবার প্রায় ৩০যাত্রী বহন করা দামেস্কগামী বিমানটিকে বিশেষ প্রহরায় আঙ্কারা বিমানবন্দরে নিয়ে আসে তুর্কি বিমান বাহিনীর কয়েকটি জেটবমান। সিরিয়ার গোলা তুরস্কের সীমানা পেরুলে আরো শক্তি প্রয়োগ করা হবে বলে তুর্কি সেনাপ্রধান দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে ঘোষণা করার কয়েক ঘণ্টার মধ্যেই সিরীয় বিমানটি আটক করা হলো। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আহমেত দাভুটোগলু বলেন, বেসামরিকদের প্রতি নৃশংস আচরণকারী দেশটিতে অস্ত্র স্থানান্তর নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তুরস্কের আকাশসীমা ব্যবহার করে অস্ত্র স্থানান্তর করার ঘটনা অগ্রহণযোগ্য। গ্রিসের এথেন্সে সফররত দাভুটোগলু এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, ওই বিমানে বেসামরিক বিমান চলাচলের নীতিমালা বহির্ভূত মালামাল বহন করা হচ্ছিলো বলে খবর পাওয়া যায়। ওই বিমানের কিছু মালামাল জব্দ করা হয়েছে। বিমান তল্লাশি ও মালামাল জব্দ করার কিছুক্ষণ পরে যাত্রীবাহী বিমানটি আঙ্কারা বিমানবন্দর ছেড়ে যায়। তবে জব্দ করা মালামাল সম্পর্কে কোন তথ্য প্রকাশ করা হয়নি। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, তুরস্কের আকাশসীমায় সামরিক মালামাল পরিবহন করার সন্দেহ থাকলে বিমানে তল্লাশি চালানোর অধিকার রয়েছে তুরস্কের। তুরস্কের আকাশসীমা ব্যবহারকারী সিরিয়ার বেসামরিক বিমানগুলোতে তল্লাশি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দাভুটোগলু। এছাড়া সিরিয়ার আকাশসীমা নিরাপদ নয় বলে তুরস্কের যাত্রীবাহী বিমানসমূহকে তা ব্যবহার করতে নিষেধ করেন তিনি। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে দেড় বছর ধরে চলতে থাকা রক্তক্ষয়ী বিদ্রোহে এ পর্যন্ত প্রায় ৩০ হাজার মানুষ নিহত হয়েছে। সম্প্রতি তুরস্কের সঙ্গে সিরিয়ার সীমান্তবর্তী এলাকাগুলোর নিয়ন্ত্রণ দখলের জন্য আসাদ বিরোধীদের সঙ্গে তার অনুগত সেনাবাহিনীর যুদ্ধ শুরু হয়েছে। গত সপ্তাহে সিরিয়া থেকে একটি মর্টার গোলা তুরস্কের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত শহর আক্কালের একটি লোকবসতিতে এসে পলে পাঁচ তুর্কি নাগরিক নিহত হন। এরপরেই তুরস্কে সীমান্তে এলাকা থেকে সিরিয়ার বিভিন্ন লক্ষ্যে পাল্টা কামান হামলা শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএস/কিউএইচ/১২২৩ ঘ.