২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার বিরুদ্ধে আরো শক্তি প্রয়োগের হুমকি তুরস্কের

সিরিয়ার গোলা আবার সীমান্ত পেরোলে এর জবাবে দেশটির বিরুদ্ধে আরো শক্তি প্রয়োগের হুমকি দিয়েছে তুরস্ক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2012, 09:32 AM

Updated : 24 Aug 2022, 12:18 PM

ইস্তাম্বুল, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ার গোলা আবার সীমান্ত পেরোলে এর জবাবে দেশটির বিরুদ্ধে আরো শক্তি প্রয়োগের হুমকি দিয়েছে তুরস্ক। বুধবার তুর্কি জেনারেল নেকদেত ওজেল এ হুমকি দেন। তুরস্কের রাষ্ট্রীয় টেলিভিশন টিআরটি সরাসরি তার বক্তব্য স¤প্রচার করেছে। “আমরা জবাব দিয়েছি, তবে যদি তারা হামলা অব্যাহত রাখে তাহলে আমরা আরো বেশি শক্তি প্রয়োগ করে এর জবাব দেবো,” বলেন ওজেল। গত ছয়দিন ধরে সিরিয়া-তুরস্ক সীমান্তে পাল্টাপাল্টি গোলা বিনিময় হয়েছে। গত বুধবার সিরিয়া থেকে নিক্ষিপ্ত একটি মর্টার বোমা তুরস্কের আকাকেলা গ্রামে আঘাত হানলে পাঁচ তুর্কি নাগরিক নিহত হয়। এর পরপরই তুরস্কের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা গোলাবর্ষণ করে তুর্কি সেনাবাহিনী। এরপরও সিরিয়া থেকে নিক্ষিপ্ত আরো কয়েকটি মর্টার বোমা ও কামানের গোলা তুরস্কে আঘাত হানলে সবগুলোরই পাল্টা জবাব দিয়ে গোলাবর্ষণ করে তুর্কি বাহিনী। সিরিয়ার তুর্কি সীমান্ত অঞ্চলজুড়ে বিদ্রোহী ও প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত সেনাদের মধ্যে তীব্র লড়াই চলার কারণে নিক্ষিপ্ত গোলাগুলো মাঝে মাঝেই সীমান্ত অতিক্রম করে তুরস্কে গিয়ে পড়ছে বলে পর্যবেক্ষরা জানিয়েছেন। গত ১৮ মাস ধরে চলা সিরিয়ার বাশার সরকার বিরোধী আন্দোলন-বিদ্রোহে এ পর্যন্ত ২৮ হাজার মানুষ নিহত হয়েছে বলে দাবি করেছে যুক্তরাজ্য ভিত্তিক একটি সিরীয় মানবাধিকার সংস্থা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১৫২৫ ঘ.