ওয়াশিংটন, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার বেনগাজিতে যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলার ঘটনার প্রতিবেদন বুধবার কংগ্রেসে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন দেশটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। ওই হামলায় লিবিয়ায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্টদূত ক্রিস্টোফার স্টিভেন্স নিহত হন।
প্রতিবেদনে ওই হামলার সময় ঘটা বিভিন্ন নাটকীয় ঘটনার বিস্তারিত বিবরণ দেয়া হয়েছে বলে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছে কর্মকর্তারা।
প্রতিবেদনে দাবী করা হয়, হামলার সময় রাষ্ট্রদূতকে খুঁজে বের করার প্রাণপণ চেষ্টা চালায় দূতাবাসের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা, তবে তাকে খুঁজে পাওয়া যায়নি।
কংগ্রেসে এ ঘটনার শুনানিতে পররাষ্ট্র দপ্তরের নিরাপত্তা ব্যবস্থার ভুলগুলো কেন্দ্র করেই আলোচনা আবর্তিত হবে বলে ধারণা করা হচ্ছে।
গত মাসে এক মার্কিন চলচ্চিত্র নির্মাতার ইসলামবিরোধী চলচ্চিত্র মুক্তি পাওয়ার পর বিক্ষুব্ধ লোকজন মিশরের কায়রো ও লিবিয়ার বেনগাজিতে মার্কিন দূতাবাসে হামলা চালায়। বেনগাজির হামলায় নিহত হন মার্কিন রাষ্ট্রদূত স্টিভেন্স ও আরো তিন মার্কিন নাগরিক।
মার্কিন রাষ্ট্রদূতের মৃত্যুর ঘটনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। নির্বাচনের মাত্র চার সপ্তাহ আগে প্রকাশ হতে যাওয়া এ প্রতিবেদনটি নির্বাচনী প্রচারণায় নতুন মাত্রা যোগ করবে বলে বিশ্লেষকদের ধারণা।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলার পর আগুন ও ধোঁয়ার মধ্যে হামাগুড়ি দিয়ে রাষ্ট্রদূতকে খোঁজার চেষ্টা চালায় দূতবাসের নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তারা। তবে এর আগেই তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় ও পরবর্তীতে তাকে একটি হাসপাতালে মৃত অবস্থায় পাওয়া যায়।
ধোঁয়ায় দম বন্ধ হয়ে রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেন্সের মৃত্যু হয় বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
তবে দূতাবাস চত্বর থেকে হাসপাতালে তিনি কীভাবে পৌঁছালেন সেটি এখনো পরিষ্কার নয় বলে জানিয়েছেন এক কর্মকর্তা।
বেনগাজিতে হামলার ঘটনায় ইসলামী জঙ্গিদের সংশ্লিষ্টতা রয়েছে বলে এর আগে দাবী করেছিল মার্কিন কর্তৃপক্ষ। তবে পুরো ঘটনাটির অনেক তথ্য এখনো অজানা থেকে গেছে যা প্রতিবেদনটির শুনানিকালে স্পষ্ট হবে বলে জানিয়েছেন এক কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এবি/১৩৪৫ ঘ.
bdnews24