অক্টোবর, ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারকের বিরুদ্ধে গণঅভ্যূত্থানে জড়িত থাকার দায়ে গ্রেপ্তারকৃত আন্দোলনকারীদের সবার প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি।
সোমবার বিবিসি অনলাইন জানায়, প্রেসিডেন্টের দাপ্তরিক ফেসবুক পাতায় পোস্ট করা এক আদেশে “বিপ্লবের প্রতি সমর্থনকারীদের” তাদের কৃতকর্মের দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে ঘোষণা দেওয়া হয়েছে।
প্রেসিডেন্টের এই আদেশের বলে কয়েক হাজার মানুষ মুক্তি পাবে বলে ধারণা করা হচ্ছে।
২০১১ এর ফেব্রুয়ারিতে তীব্র গণবিক্ষোভের মুখে ক্ষমতা থেকে সরে দাঁড়ান প্রেসিডেন্ট মুবারক। কয়েকশ আন্দোলনকারীর মৃত্যুর মধ্য দিয়ে মাত্র ১৮ দিনেই তার ৩১ বছরের প্রতাপশালী শাসনের অবসান ঘটে।
ওইসব হত্যাকাণ্ডের দায়ে দোষী সাব্যস্ত মুবারক এখন আজীবন কারাবাসের দণ্ড ভোগ করছেন।
বিপ্লবের প্রথম দিন, ২৫ জানুয়ারি ২০১১ থেকে চলতি বছরের জুনের শেষ পর্যন্ত যারা গ্রেপ্তার হয়েছেন তাদের সবাই এই সাধারণ ক্ষমার আওতায় পড়বেন।
খুনের দায়ে অভিযুক্তরা ছাড়া যারা বিচার শেষ হওয়ার অপেক্ষায় আছেন ও বিচার শেষে কারাগারে আছেন সবাই এই সাধারণ ক্ষমার আওতায় মুক্তি পাবেন।
চলতি বছরের জুনের শেষে বর্তমান প্রেসিডেন্ট মুরসি মিশরের ক্ষমতা গ্রহণ করেন। জুনেই মিশরের ইতিহাসের প্রথম অবাধ প্রেসিডেন্ট নির্বাচনে তিনি জয়ী হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/১২১১ ঘ.
bdnews24