ইস্তাম্বুল, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- টানা ষষ্ঠ দিনের মতো সোমবার সিরিয়ার মর্টার গোলা হামলার পাল্টা জবাব দিয়েছে তুরস্ক।
এদিন তুরস্কের দক্ষিণাঞ্চলীয় হাতায় প্রদেশে সিরিয়ার মর্টার গোলা হামলার পর তুরস্ক পাল্টা গোলা ছুড়েছে বলে জানিয়েছেন দেশটির এক সরকারি কর্মকর্তা।
এর আগে রোবার সিরিয়া-তুরস্ক সীমান্তে পঞ্চম দিনের মতো গোলা বিনিময় হয়েছে। সকালের দিকে সিরিয়ার স্থলভাগ থেকে একটি গোলা জনবসতিহীন তুর্কি এলাকায় গিয়ে পড়লে এর জবাব দেয় তুরস্ক।
সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে ১৮ মাসের বিক্ষোভ-সংঘর্ষে অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করেছে দু’দেশের সীমান্ত পারের এ সহিংসতা।
গত সপ্তাহে বুধবার তুরস্কের আক্কাকেলা গ্রামে সিরিয়ার ছোড়া মর্টারের গোলা হামলায় ৫ নাগরিক নিহত হয়। এরপর থেকে প্রতিদিনই সিরিয়া সীমান্তে পাল্টা হামলা চালিয়ে আসছে তুরস্ক।
তুর্কি কর্মকর্তা জানান, সোমবার দুপুর তিন টার দিকে তুরস্ক সীমান্তবর্তী হাকিপাসা এলাকায় সিরিয়ার ছোড়া সর্বশেষ মর্টারের গোলা পড়েছে।
৯০০ কিলোমিটার বি¯তৃত সিরিয়া সীমান্তে শসস্ত্র বাহিনী মোতায়েন করে নিরাপত্তা জোরদার করেছে তুরস্ক। সীমান্ত পাহারায় রয়েছে সেনাভর্তি ৫ টি সামরিক যান।
তুরস্কের প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোয়ান সিরিয়ার সঙ্গে যুদ্ধে জড়ানোর আশঙ্কা নাকচ করার পরও তুর্কি সীমান্তবর্তী আক্কাকালে গ্রামে মোতায়েন হয়েছে ট্যাংক এবং বিমান-বিধ্বংসী ক্ষেপণান্ত্র।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএ/এলকিউ/২০২১ঘ.
bdnews24