পোর্ট সেইন্ট লুসি, ফ্লোরিডা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম আনুষ্ঠানিক বিতর্কে জয়ের পর জনমত জরিপে প্রতিদ্বন্দ্বী বারাক ওবামার সঙ্গে ব্যবধান কমে আসছে রিপাবলিকান প্রার্থী মিট রমনির।
রয়টার্স/আইপিসোস দৈনিক জরিপের রোববারের ফলে ক্ষমতাসীন ডেমক্র্যাট প্রেসিডেন্ট বারাক ওবামার চেয়ে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে রয়েছেন রমনি। এতে শতকরা ৪৭ শতাংশ ভোট পেয়েছেন ওবামা। আর রমনি পেয়েছেন ৪৫ শতাংশ।
জাতীয় ও রাজ্যে অনুষ্ঠিত জনমত জরিপগুলোতেও নির্বাচনী প্রচারাভিযানের শেষ মাসে এসে রমনির অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। রাসমুসেন জরিপের ফলে রোববার দেখা গেছে, দেশজুড়ে ভোটারদের মধ্যে রমনির সমর্থন ৪৯ শতাংশ। আল ওবামার ৪৭ শতাংশ।
চলতি বছর ৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।
আইপিসোসের জরিপকারী জুলিয়া ক্লার্ক বলেন, “বিতর্কে রমনির উপস্থাপনার কারণেই জরিপে তার অগ্রগতি হচ্ছে। কয়েক সপ্তাহ আগেও যে অবস্থা ছিল সেক্ষেত্রে তার এ অগ্রগতি তাৎপর্যপূর্ণ পরিবর্তন।”
গত বুধবার ডেনভারের বিতর্কে জয়ের পর ম্যাসাচুসেটসের সাবেক গভর্নর মিট রমনির জন্য দোলাচলে থাকা রাজ্যগুলোতে ভিতমজবুত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে ওইসব রাজ্যর জরিপেও দুই প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেছে।
এর মধ্যে ফ্লোরিডা ও ভার্জিনিয়ায় দুজনেই সমান সমান অবস্থানে রয়েছে এবং ওহাইওতে দুই পয়েন্টে এগিয়ে রয়েছেন ওবামা।
বিতর্কে জেতার পর আত্মবিশ্বাস বেড়ে গেছে রমনির। সেইসঙ্গে শুক্রবার অনুষ্ঠেয় ভাইস প্রেসিডেন্ট বিতর্কের জন্য দৃঢ়চেতা ওবামা শিবির আত্মরক্ষামূলক কৌশলে চলে গেছে।
লিবিয়ায় উগ্রপন্থীদের হামলায় রাষ্ট্রদূতসহ চার মার্কিনি নিহত হওয়ার ঘটনা নিয়ে সোমবার ভার্জিনিয়ায় পররাষ্ট্রনীতি বিষয়ক ভাষণে রমনি প্রেসিডেন্ট ওবামাকে আরো এক হাত দেখে নিতে পারেন বলেও ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭০১ঘ.
bdnews24