ন্যাশভিল, টেনিসি, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রে ছত্রাক সংক্রমণজনিত প্রাণঘাতী মেনিনজাইটিসের প্রকোপ ছড়িয়ে পড়ছে। নয়টি রাজ্যে ছড়িয়ে পড়া এই রোগে এ পর্যন্ত সাতজন মারা গেছে।
রোববার নতুন আরো ২৭ জন এতে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
এ নিয়ে নয়টি রাজ্যে মোট ৯১ জন মেনিনজাইটিসে আক্রান্ত হল। মেনিনজাইটিস মস্তিষ্ক ও সুষুুাকাণ্ডের সংক্রমণজনিত এক ধরনের রোগ।
যুক্তরাষ্ট্রে রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) তাদের ওয়েবসাইটে রোগটিতে এ পর্যন্ত ৯১ জনের আক্রান্ত হওয়ার কথা জানিয়েছে।
শনিবার পর্যন্তও আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ৬৪ জন। নতুন করে আক্রান্তদের বেশির ভাগই মিশিগান রাজ্যের বাসিন্দা। রাজ্যটিতে এ পর্যন্ত ২০ জন আক্রান্ত হয়েছে।
এছাড়া ভার্জিনিয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে বলে সিডিসির ওয়েবসাইটে বলা হয়েছে।
ব্যথানাশক হিসেবে ব্যবহৃত এক ধরনের স্ট্রেরয়েড ইঞ্জেকশন থেকে এ রোগ ছড়াচ্ছে। ইঞ্জেকশনটি সাধারণত পিঠের ব্যথানাশক হিসেবে ব্যবহার করা হয়।
ইঞ্জেকশনটি নেয়ার এক থেকে চার সপ্তাহের মধ্যে গ্রহীতাদের মধ্যে মেনিনজাইটিসের উপসর্গগুলো দেখা দেয় বলে জানিয়েছে সিডিসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এবি/১৫২০ ঘ.
bdnews24