টোকিও, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বেকায়দায় থাকা ইউরোপীয় সরকারগুলো জনগণের আস্থা ফিরে পেতে ব্যর্থ হওয়ায় বিশ্ব অর্থনীতির ‘পুনরুদ্ধার’ প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
এ সংস্থার সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, চলতি বছর বিশ্ব অর্থনীতিতে ৩ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হতে পারে, যদিও গত জুলাই মাসে আশা করা হয়েছিল- প্রবৃদ্ধির হার হবে ৩ দশমিক ৫ শতাংশ।
আইএমএফের ধারণা সত্যি হলে তা হবে ২০০৯ সালের পর সবচেয়ে কম প্রবৃদ্ধি।
টোকিওতে অনুষ্ঠেয় আইএমএফের সভা সামনে রেখে মঙ্গলবার প্রকাশিত এ পূর্বাভাসে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় সরকারগুলো তাদের অর্থনৈতিক সমস্যাগুলোর সমাধান করতে না পারলে পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে পারে।
চলতি বছর এ নিয়ে দ্বিতীয়বারের মতো প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে আনল আইএমএফ। সংস্থাটি বলছে, বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধির ধারা এখন এতোটাই দুর্বল যে বেকারত্ব কমিয়ে আনার চেষ্টা খুব একটা ফল দিচ্ছে না।
“প্রশ্ন হচ্ছে- বিশ্ব অর্থনীতি কি আরেক দফা সঙ্কটে পড়তে যাচ্ছে? নাকি আগের স্থবিরতা কাটিয়ে উঠতেই আরো সময় লাগছে?”
“যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় নীতি নির্ধারকরা তাদের স্বল্পমেয়াদি চ্যালেঞ্জগুলো মোকাবিলায় কতোটা সক্রিয় ভূমিকা রাখবেন- তার ওপরই নির্ভর করবে এ প্রশ্নের উত্তর”, বলা হয়েছে আইএমএফের পূর্বাভাসে।
সংস্থাটি বলছে, এই ধারা অব্যাহত থাকলে ২০১৩ সালে বিশ্ব অর্থনীতিতে প্রবৃদ্ধি হতে পারে ৩ দশমিক ৬ শতাংশ। অবশ্য জুলাই মাসের পূর্বাভাসে এই হার ৩ দশমিক ৯ শতাংশ হবে বলে আশা করা হয়েছিল।
আইএমএফের এই পূর্বাভাসে গত সোমবার চালু হওয়া ইউরোপিয়ান স্ট্যাবিলিটি মেকানিজম (ইএসএম) তহবিলের ওপর গুরুত্ব দেয়া হয়েছে। আর্থিক দুর্দশাগ্রস্ত দেশ ও ব্যাংকগুলোকে প্রণোদনা দেয়ার উদ্দেশ্যে গঠিত ইউরো জোনের এই স্থায়ী তহবিলে কর ব্যবস্থাপনা ও ব্যয় নীতির মধ্যে সমন্বয় আনার বিষয়ে তাগিদ দেয়া হয়েছে পূর্বাভাসে।
২০১৪ সাল নাগাদ এই তহবিল আওতায় ৫০০ বিলিয়ন ইউরো ধার নিতে পারবে ইউরো জোনের দেশ ও ব্যাংকগুলো। ইতালি, স্পেন ও গ্রীসের মতো ঋণে জর্জরিত দেশগুলো এ তহবিল থেকে সরাসরি ঋণ নিয়ে পরিস্থিতি সামাল দিতে পারবে।
তবে ব্যয় কমানো আর রাজস্ব বৃদ্ধির উপায় খুঁজে বের করতে না পারলে এই ঋণ ‘বুমেরাং’ হয়ে উঠতে পারে বলেও বিশ্লেষকরা সতর্ক করেছেন।
যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধির বিষয়ে আইএমএফ বলছে, ২০১৩ সালের শুরুতেই ‘ট্যাক্স রিলিফ, আনএমপ্লয়মেন্ট ইন্সুরেন্স রিঅথোরাইজেশন অ্যান্ড জব ক্রিয়েশন অ্যাক্ট অফ ২০১০’ এর মেয়াদ শেষ হচ্ছে। একইসঙ্গে কার্যকর হচ্ছে বাজেট কন্ট্রোল প্ল্যান- ২০১১। এতে আগামী বছর যুক্তরাষ্ট্রে কর বৃদ্ধির পাশাপাশি সরকারি ব্যয় কমিয়ে আসা হবে।
দেশটির নীতিনির্ধারকরা এ বিষয়টি পিছিয়ে দেয়ার বিষয়ে মতৈক্যে পৌঁছাতে না পারলে ‘যুক্তরাষ্ট্রের অর্থনীতি আবার মন্দায় পড়তে পারে’ বলে আইএমএফ সতর্ক করেছে।
সংস্থাটি বলছে, ব্যয় কমিয়ে কর বাড়ালে এবং সরকারের ঋণ নেয়ার সীমা বৃদ্ধি করা হলে তা শুধু যুক্তরাষ্ট্রই নয়, গোটা বিশ্ব অর্থনীতির জন্য হুমকি সৃষ্টি করতে পারে।
আইএমএফের হিসাবে ওই সিদ্ধান্ত আটকাতে পারলে আগামী বছর যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি ২ দশমিক ১ শতাংশ হবে, যা গত জুলাইয়ের পূর্বাভাসের চেয়ে শূন্য দশমিক ২ শতাংশ কম। আর এবার দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি আগের পূর্বাভাসের চেয়ে শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে ২ দশমিক ২ শতাংশ হবে বলে আইএমএফের পূর্বাভাসে বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জেকে/১২৪৫ ঘ.
bdnews24